নারায়ণগঞ্জ, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক পোশাক শ্রমিককে তার স্বামী শরীরে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার গভীর রাতে তারাব পৌরসভার সুলতানবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় পোশাক শ্রমিক ফাতেমা আক্তারকে (৩৩) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্থানীয় পদ্মা টেক্সটাইলের শ্রমিক ছিলেন।
নিহত ফাতেমা কুমিল্লা জেলার হোমনা থানার ফতেকান্দি গ্রামের মৃত নুরু মিয়ার মেয়ে।
ফাতেমার ভাই জাহাঙ্গীর মিয়া সাংবাদিকদের জানান, দশ বছর আগে মুন্সিগঞ্জ জেলার বালিগাঁও থানার সোলাপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রহিম মিয়ার সঙ্গে তার বোন ফাতেমার বিয়ে হয়।
বিয়ের পর থেকে ফাতেমা ও রহিম তারাবো পৌরসভার সুলতানবাগ এলাকার লাল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তাদের দুই ছেলে রয়েছে। রহিম মিয়ার সঙ্গে কুলসুম বেগম নামে এক মহিলার অযাচিত সম্পর্ক রয়েছে বলে দাবি করেন জাহাঙ্গীর মিয়া।
এ বিষয়টি জানাজানি হলে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ নিয়ে তাদের মধ্যে প্রতিদিনই ঝগড়াবিবাদ হতো। গত বৃহস্পতিবার রাতেও ফাতেমা ও রহিমের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রহিম মিয়া ফাতেমার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
পরে আশপাশের লোকজন তাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে ফাতেমার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১৪৮ ঘ.
bdnews24