ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত প্রাঙ্গণে তরুণীর শ্লীলতাহানির অভিযোগে কোতোয়ালি থানার অপারেশন অফিসার নাজমুল আলমের বিরুদ্ধে মামলার পর বৃহস্পতিবার তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এদিকে তরুণীর মায়ের করা মামলাটি তদন্তেও দায়িত্ব নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাজমুলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
মামলায় আসামির তালিকায় জামান নামে পুলিশের এক সদস্যের নাম থাকলেও তাকে চিহ্নিত করা যায়নি বলে পুলিশ কর্মকর্তা হারুন জানান।
তিনি বলেন, “ঘটনার সময় অনেক পুলিশ সদস্যই ছিল। মহিলার সঙ্গে যে সব পুলিশ সদস্য অসৌজন্যমূলক আচরণ করেছে, তাদের একজনের বুকে নামফলকে জামান লেখা ছিল বলে মামলায় বলা হয়েছে। এই জামানকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়নি।
“তবে তদন্তে বেরিয়ে আসবে।”
বাবার সঙ্গে মোটর সাইকেলে করে মঙ্গলবার দুপুরে মুখ্য মহানগর হাকিম আদালতে যাওয়ার পর পুলিশের সঙ্গে ওই তরুণীর কথা কাটাকাটি হয়।
এরপর পুলিশ তাকে টেনে-হিঁচড়ে আদালতপাড়ায় পুলিশ ক্লাবে ঢোকায় এবং তার শ্লীলতাহানি করে বলে প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান।
ওই তরুণীকে আটকের খবর পেয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে পুলিশের মারধরের শিকার হন তিন সাংবাদিক ও দুই আইনজীবী।
এ নিয়ে তীব্র সমালোচনা হলে সহকারী উপপরিদর্শক নূরুজ্জামান সরকার ও আমির আফজাল বিপ্লবকে প্রত্যাহার করা হয়। ঘটনা তদন্তে একটি কমিটি করে পুলিশ।
মানবাধিকার সংগঠন আইন-সালিশ কেন্দ্রের হস্তক্ষেপে ওই তরুণী ছাড়া পাওয়ার পর বুধবার মধ্যরাতে দুই পুলিশ সদস্য ও সোর্সসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়।
কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক উদয় কুমার মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাবু নামে পুলিশের এক সোর্সকে মামলায় প্রধান আসামি করা হয়েছে। আসামি করা হয়েছে কোতোয়ালি থানার উপপরিদর্শক নাজমুল হুদা, পুলিশ সদস্য জামানসহ অজ্ঞাত পরিচয় আরো দুই জনকে।
এ ঘটনায় আট পুলিশ কর্মকর্তাকে আগামী ৬ জুন হাজির হয়ে নিজেদের সংশ্লিষ্টতার ব্যাখ্যা দিতে বলেছে হাই কোর্ট। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তাও জানাতে চেয়েছে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২৩৩৩ ঘ.
bdnews24