২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফার্নেস অয়েল পাচার: পদ্মার চার কর্মকর্তার শাস্তি

নগরীর মাঝিরঘাটে জাহাজে ফার্নেস অয়েল পাচারের ঘটনায় রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী কোম্পানি পদ্মা অয়েলের চার কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 05:10 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

চট্টগ্রাম, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর মাঝিরঘাটে জাহাজে ফার্নেস অয়েল পাচারের ঘটনায় রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী কোম্পানি পদ্মা অয়েলের চার কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক আদেশে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বলে পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। ওই কর্মকর্তারা হলেন- পদ্মা অয়েলের ব্যবস্থাপক (মার্কেটিং) আসিফ মালেক, সহকারী মহা-ব্যবস্থাপক শহীদ হোসনে রাব্বী, ব্যবস্থাপক আবু হাসনাত শহীদ ও ব্যবস্থাপক (ডাইরেক্ট বিজনেস) কাজী মফিজুর রহমান। এদের মধ্যে আসিফ মালেককে সাময়িক বরখাস্ত এবং বাকি তিনজনকে সংশ্লিষ্ট দায়িত্ব থেকে প্রত্যাহার করে ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। গত ২০ মে গভীর রাতে কর্ণফুলী নদী তীর সংলগ্ন আনু মাঝির ঘাটে ১১টি তেলের লরি (ভাউচার) থেকে জাহাজে পাচারের সময় ১ লাখ লিটার ফার্নেস অয়েল জব্দ করে র‌্যাব সদস্যরা। নগরীর পতেঙ্গা এলাকায় পদ্মা অয়েলের ডিপো থেকে ১১টি প্রতিষ্ঠানের নামে ওই সব ফার্নেস অয়েল ছাড় করানো হয়। অভিযোগ ওঠে, পদ্মার কয়েকজন কর্মকর্তার যোগসাজশে এসব ফার্নেস ওয়েল পাচার করা হচ্ছিল। ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের জানান, ফার্নেস অয়েল পাচারের ঘটনায় গঠিত তিনসদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পদ্মা অয়েলের মহাব্যবস্থাপক (অর্থ) হেলাল উদ্দিন চৌধুরীকে প্রধান করে গঠিত তিন সদস্যের কমিটি বৃহস্পতিবার তাদের প্রতিবেদন জমা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২৩১০ ঘ.