২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়ায় জিয়ার কবরে যেতে বিএনপি নেতা-কর্মীদের বাধা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম কবরে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে বিএনপি নেতা-কর্মীদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 02:53 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

চট্টগ্রাম, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম কবরে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে বিএনপি নেতা-কর্মীদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার দুপুরে রাঙ্গুনিয়া যাওয়ার পথে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান নোয়াপাড়া ও গশ্চি এলাকায় ছাত্রলীগ কর্মীরা তাদের বাধা দেয় বলে অভিযোগ করেন নগর কমিটির এই সভাপতি। ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে নিহত হন। বিএনপি এ দিনটি তার ‘শাহাদত দিবস’ হিসেবে পালন করে। দিনটিকে ঘিরে বিএনপি ও এর সহযোগী সংগঠন সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। বাধা উপেক্ষা করেই বিএনপি নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতার প্রথম কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় সেখানে মোনাজাতও করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আমীর খসরু বলেন, বিএনপি নেতা-কর্মীরা জিয়াউর রহমানের প্রথম কবরে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে ৫০-৬০ জন ছাত্রলীগ কর্মী লাঠিসোটা নিয়ে নোয়াপাড়া এবং গশ্চি এলাকায় তাদের বাধা দেয়। পুলিশকে অবহিত করলেও তারা কোনো সহযোগিতা করেনি অভিযোগ করে তিনি বলেন, “সব বাধা অতিক্রম করে আমরা জিয়াউর রহমানের কবরে গিয়ে শ্রদ্ধা জানিয়েছি।” তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানান। রাঙ্গুনিয়ায় জিয়ার কবরে শ্রদ্ধা জানানোর সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, মাহবুবুর রহমান শামিম, নগর কমিটির সহ সভাপতি আবু সুফিয়ান প্রমুখ। নগরীর বিপ্লব উদ্যানে নোমানের শ্রদ্ধা এদিকে জিয়াউর রহমানের ৩১ তম মৃত্যুবার্ষিকীতে নগরীর ষোলশহরে বিপ্লব উদ্যান স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। বুধবার দুপুরে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এ উদ্যানে এক সমাবেশে নোমান বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না এবং কোনো নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। নিদর্লীয় সরকারের অর্ধীনে নির্বাচনের এজেন্ডা নিয়ে সরকার আলোচনা করতে চাইলে বিএনপি তাতে অংশ নেবে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, পাহাড়তলী থানার আহ্বায়ক শামসুল আলম, কোতোয়ালী থানার সভাপতি এম.এ. সবুর, জাসাস নেতা সভাপতি কাজী আকবর, অ্যাডভোকেট আবদুস সাত্তার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০৪৭ ঘ.