রাজশাহী, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাঘা উপজেলায় এক আম ব্যবসায়ী খুন হয়েছেন।
মঙ্গলবার সকালে সৈয়দপুর গ্রামে বাড়ির পাশে ইউনুস আলীর (৪৫) লাশ পাওয়া যায়।
নিহতের পরিবারের বরাত দিয়ে বাঘা থানার ওসি আলী আহমেদ হাশমী বলেন, সোমবার রাত ১০টার দিকে আম বাগান তদারক করতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি।
তার পেটের বাম পাশে ছুরিকাঘাতের জখম রয়েছে। এছাড়া দুই হাতের কবজিও কেটে ফেলা হয়। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আলী আহমেদ হাশমী আরো বলেন, ওই পুকুর পাড়েই একটি আম বাগানে ইউনুস আলীর চাচাত ভাই শহীদুল ইসলাম (৩২) ও আসাদুল ইসলামের (৩০) আমবাগান রয়েছে। তাদের বাগানের পাহারা দেওয়ার টং থেকে রক্তমাখা লাঠি এবং হাসুয়ার বাট উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন।
জমিজমা নিয়ে বিরোধের জের ধরেই এই চাচাত ভাইয়েরা তাকে হত্যা করছেন বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় নিহতের ভাই হায়দার আলী বাদী হয়ে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
রাজশাহী পুলিশ সুপার তৌফিক মাহবুব চৌধুরী, পুঠিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজেম আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২১৫০ ঘ.
bdnews24