গাইবান্ধা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনা নিয়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক নারীকে মারধর ও ছুরিকাহত করে মাথার চুল কেটে দিয়েছে প্রতিবেশীরা।
কাজীবাড়ী সন্তোলা গ্রামে মঙ্গলবার এ হামলায় আহত হাফিজা বেগমকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় হাফিজার স্বামী আবু বক্কর বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
সাদুল্লাপুর থানার ওসি আব্দুল জলিল সরকার প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে বলেন, বৃহস্পতিবার বিকালে আবু বক্করের নাতনী মাইশা (৪) বাড়ি পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশি সাহাবুল ইসলাম সাবুর ভাগ্নে জহুরুল ইসলাম (৮) বাইসাইকেল নিয়ে ওই পথ দিয়ে যাওয়ার সময় মাইশা আঘাত পায়।
এরপর হাফিজা বেগম শিশু জহুরুলকে গালাগাল দেন এবং থাপ্পর মারেন।
জহুরুলের কাছে এ কথা শুনে তার তিন মামা সাহাবুল ইসলাম সাবু, শামছুল ইসলাম ও রনজু মিয়া আবু বক্করের বাড়ি গিয়ে তার ছেলে হাবিবুর রহমান ও মেয়ে ববিতা খাতুনকে মারধর করে।
বিষয়টি নিয়ে মঙ্গলবার বিকালে স্থানীয়ভাবে শালিস হওয়ার কথা ছিল।
ওসি বলেন, সকাল ৯টার দিকে সাহাবুল ইসলাম সাবু, শামছুল ইসলাম, রনজু মিয়া এবং তাদের লোকজন আবু বক্করকে ধরে মারধর করে। এক পর্যায়ে তারা আবু বক্করের বাড়ি ঢুকে তার স্ত্রী হাফিজা বেগমকে ধরে পাশের বাড়ি নিয়ে যায়। সেখানে তাকে মারধর ও দুই পায়ে ছুরিকাঘাত করে মাথার চুল কেটে দেয়।
এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ গ্রামের আফছার উদ্দিনের ছেলে শামীম মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৯ ঘ.
bdnews24