২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহত বিডিনিউজকর্মীদের অস্ত্রোপচার

সন্ত্রাসী হামলায় আহত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দুই সাংবাদিক রিফাত নেওয়াজ ও সালাউদ্দিন ওয়াহিদ প্রীতমের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসী হামলায় আহত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দুই সাংবাদিক রিফাত নেওয়াজ ও সালাউদ্দিন ওয়াহিদ প্রীতমের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় অস্ত্রোপচার শেষে ইউনাইটেড হাসপাতালের শল্য চিকিৎসক আমিনুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুজনেরই ডান পায়ের ক্ষতটা বেশ গভীর ছিল। তবে আশা করছি এখন আর কোনো সমস্যা হবে না।” দুই জনেরই ক্ষতের গভীরতা হাড়ের কাছাকাছি পর্যন্ত বলে জানান তিনি। সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ের সামনে সন্ত্রাসীরা প্রতিষ্ঠানটির সহ সম্পাদক রিফাত ও প্রতিবেদক প্রীতমকে এলোপাতাড়ি কোপায়। সন্ত্রাসীদের হামলায় আহত হন অফিস সহকারী রুহুল আমীনসহ আরো কয়েকজন সংবাদকর্মী। গুরুতর আহত রিফাত ও প্রীতমের সুস্থ হতে কমপক্ষে ১৫ দিনের মতো লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে কাজে ফিরতে চার থেকে ছয় সপ্তাহ লেগে যেতে পারে। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে অফিস সহকারী রুহুল আমিনের অস্ত্রোপচার সম্পন্ন হয়। দুপুরের পর রুহুলের সঙ্গে কথা বলে জানা যায়, ওপর থেকে ছুরি দিয়ে মাথার পিছনের বামপাশের আঘাতটাই সবচেয়ে গুরুতর। তার বাম কানের পেছন দিকে এবং ভেতরেও গভীর ক্ষত তৈরি হয়েছে। এ ছাড়া রুহুলের ঘাড়ের নিচে, পিঠ এবং শরীরের বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/২০৩৮ ঘ.