ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পের বিষয়ে ‘বিস্তারিত’ প্রস্তাব উপস্থাপনের পরদিন বাংলাদেশে দুইশ শীতাতপ নিয়ন্ত্রিত রেল কোচ সরবরাহ করার আগ্রহ প্রকাশ করেছে মালয়শিয়া।
মঙ্গলবার রেল ভবনে রেলওয়ের উন্নয়ন বিষয়ক এক আলোচনা সভায় মালয়শিয়া সরকারের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত দাতো সেরি স্যামি এস ভ্যালু এ প্রস্তাব দেন বলে জানান রেলপথ মন্ত্রী ওবায়দুল কাদের।
মিটার গেজ লাইনের উপযোগী ২০০ কোচ সরবরাহের জন্য বাংলাদেশ ও মালয়শিয়া সরকারের মধ্যে আলোচনা হবে জানিয়ে মন্ত্রী বলেন, “এ বিষয়ে চুক্তি হলে আগামী এক বছরের মধ্যে কোচগুলো রেলের বহরে যোগ হবে।”
মালয়শিয়া প্রতিনিধি দলের আগামী মাসের সফরে বিষয়টি চূড়ান্ত করা হবে বলে ওবায়দুল কাদের জানান।
মালয়শিয়া রাজধানীতে মনোরেল স্থাপনেরও আগ্রহ দেখিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী মাসের তৃতীয় সপ্তাহে এর সম্ভব্যতা যাচাইয়ে মালয়শিয়া থেকে একটি প্রতিনিধি দল আসবে।
পদ্মা সেতু বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মালয়শিয়া প্রতিনিধি দল প্রাথমিক প্রস্তাব দিয়েছে। আগামী মাসে মালয়শিয়ার প্রতিনিধি দল এসে খসড়া চুক্তিপত্র উপস্থাপন করবে।
পদ্মা সেতু প্রকল্পের বিষয়ে মালয়শিয়া সরকারের প্রতিনিধি দল সোমবার ‘প্রাথমিক’ প্রস্তাব উপস্থাপন করে। তবে তাতে কিছু আছে, সে সম্পর্কে বিস্তারিত জানাননি যোগাযোগমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/জেকে/১৮৩২ ঘ.
bdnews24