২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করদাতার সংখ্যা দ্বিগুণে উন্নীত হচ্ছে: অর্থমন্ত্রী

রাজস্ব আয় বাড়াতে আগামী অর্থবছর নাগাদ করদাতার সংখ্যা ১০ লাখ থেকে ২০ লাখে উন্নীত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 03:20 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজস্ব আয় বাড়াতে আগামী অর্থবছর নাগাদ করদাতার সংখ্যা ১০ লাখ থেকে ২০ লাখে উন্নীত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে একথা বলেন তিনি। সাংসদ শাহীন মনোয়ারা হকের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে ৩০ লাখ নাগরিকের কর সনাক্তকরণ নম্বর (টিআইএন) রয়েছে এবং তাদের মধ্যে মাত্র ১০ লাখ লোক কর দেয়। সরকার যোগ্য করদাতাদের করের আওতায় আনতে ব্যর্থ হয়েছে। আগামী বছর কর সনাক্তকরণ নম্বরধারীর সংখ্যা ৫০ লাখে উন্নীত হবে বলেও জানান মুহিত। অর্থমন্ত্রী আরো জানান, রাজস্ব আয় বাড়াতে নতুন করদাতা সনাক্ত করা ও কর প্রদান প্রক্রিয়া সহজীকরণের জন্য জরিপসহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার। তিনি বলেন, “আমি বাজেটে এ বিষয়ে বলবো, কিন্তু এই মুহূর্তে আমি বলছি- ট্যাক্স রিটার্ন সিস্টেম সহজতর করা হবে।” আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ আবু জাহিদের অপর এক সম্পূরক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী সংসদকে জানান, মোট ঋণের ৩০ শতাংশই ক্ষুদ্র ঋণ এবং এর উল্লেখযোগ্য অংশ যাচ্ছে গ্রামাঞ্চলে। আওয়ামী লীগ সাংসদ হোসেন মকবুল শাহরিয়ারের এক প্রশ্নের জবাবে মুহিত জানান, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (১ জুলাই- ২০ এপ্রিল) আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ৭৭৬ মিলিয়ন মার্কিন ডলার বিক্রি করা হয়েছে। অন্যদিকে বাজার থেকে কেনা হয় ১০ মিলিয়ন ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমডি/এইচএ/২১১১ ঘ.