২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাথীর আত্মহত্যা: কারাগারে দুই সহপাঠী

বাগেরহাটের স্কুলছাত্রী সাবিয়া সুলতানা সাথীকে আত্মহত্যায় প্ররোচিত করার মামলায় তার দুই সহপাঠীকে সোমবার কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 01:58 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

বাগেরহাট, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের স্কুলছাত্রী সাবিয়া সুলতানা সাথীকে আত্মহত্যায় প্ররোচিত করার মামলায় তার দুই সহপাঠীকে সোমবার কারাগারে পাঠিয়েছে আদালত। মানজুল ইসলাম (১৫) ও মোল্লা আব্দুল হান্নানকে (১৫) তাদের অভিভাবকরা দুপুরে বাগেরহাট মুখ্য বিচারিক হাকিম মো. আবু তাহের আদালতে হাজির করে জামিন চাইলে তা নাকচ হয়। আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়ানো এবং ‘সাংবাদিকের হুমকি’র কারণে বৃহস্পতিবার (২৪ মে) বাগেরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, ২০১৩ সালের এসএসসি পরীক্ষার্থীনী সাবিয়া সুলতানা সাথী (১৫) আত্মহত্যা করে বলে অভিযোগ করেন তার বাবা শেখ আলমগীর হোসেন। পরদিন তিনি সাথীর চার সহপাঠী এবং দুই সাংবাদিকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার একটি মামলা করেন। মামলার অপর চার আসামি হলেন- শহরের অ্যাডভোকেট সৈয়দ জাহিদ হোসেনের ছেলে সৈয়দ সীমিন হাসান সীমান্ত (১৫), পুরাতন বাজারের এম এ ওয়াদুদের ছেলে আল্ মুজাহিদ পিয়াল (১৫), দৈনিক জন্মভূমি পত্রিকার সাংবাদিক মোল্লা আব্দুর রব (৪৮) এবং মাই টিভি’র বাগেরহাট প্রতিনিধি রিফাত আল মাহমুদ (৩২)। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছেন। কারাগারে যাওয়া আসামি মোল্লা আব্দুল হান্নানের বাবা মো. জাকির হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হান্নান নির্দোষ। সুবিচারের আশায় তিনি ছেলেকে আইনের হাতে দিয়েছেন। “মোবাইল ফোন সেটে ছবি ধারণ এবং পরবর্তী ঘটনার চাপ সবাই কাটিয়ে উঠেছিল। সমস্যা সৃষ্টি করেছেন ওই দুই সাংবাদিক। তারা ব্ল্যাকমেইল করার জন্য সাথীর বাড়ি গিয়ে খবর প্রকাশের হুমকি দেন। তা না দিলে হয়তো সে আত্মহত্যা করত না,” বলেন জাকির হোসেন। সাথীর বন্ধুরা জানায়, গত ২৬ মার্চ সাথী, তার এক বান্ধবী, পিয়াল, হান্নান ও সীমান্তসহ ছয় সহপাঠী বিদ্যালয়ে আসে। একটি শ্রেণিকক্ষে ঘনিষ্ঠ অবস্থায় সাথী ও অপর মেয়েটির ভিডিওচিত্র ধারণ করে তার সহপাঠীরা। পরে ওই ছবি ইন্টারনেট এবং ব্লু টুথের মাধ্যমে ছড়িয়ে দেয় তারা। সাথীর বাবা শেখ আমজাদ হোসেন বলেন, ১৫-২০ দিন আগে ওই দুই সাংবাদিক সাথীর বাড়ি গিয়ে ছবিসহ খবর প্রকাশ করার হুমকি দিয়ে তাদের সঙ্গে দেখা করতে বলেন। সাথী ওই হুমকির কথা ঘর থেকে শোনে এবং মানসিকভাবে ভেঙ্গে পড়ে। এই চাপ সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে। পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টিকে পুলিশ খুব গুরুত্ব দিয়ে দেখছে। শহরে প্রতিবাদ এদিকে স্কুলছাত্রী সাথীর আত্মহত্যায় প্ররোচণাদানকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠন শহরে মানববন্ধন করেছে। সোমবার সকাল ১০টায় মহিলা পরিষদ, ছাত্র ইউনিয়ন, প্রথম আলো বন্ধুসভা, আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা সাথীর স্কুলের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। এসময় স্কুলের প্রধান শিক্ষক মুখার্জী রবীন্দ্রনাথ, জেলা মহিলা পরিষদের সহ-সম্পাদিকা পারভীন আহমেদ, প্রথম আলো বন্ধুসভা বাগেরহাট শাখার সভাপতি অলীপ ঘটক, বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র মো. সাকিব হোসেন, সিপিবি নেতা ফররুখ হাসান জুয়েল, ছাত্র ইউনিয়ন নেতা আরিফুল ইসলাম সজিব, বেসরকারি সংস্থা উন্মেষ-এর পরিচালক মঞ্জুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগের জেলা সভাপতি সরদার নাছির উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা সুজাউদ্দিন সুজন, বাগেরহাট ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহামুদ হাসান, শিশু শিক্ষাকেন্দ্র পাঠশালার পরিচালক আব্দুল্লাহ বনি, ব্লাড ফাউন্ডেশনের সভাপতি জাহিদুর রহমান, একাডেমিক কেয়ার এর পরিচালক হাসানুর রহমান রাজসহ জেলা প্রেস ক্লাবের কয়েকজন সাংবাদিক কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বক্তারা অবিলম্বে দুই সাংবাদিকসহ মামলার অপর আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৫০ ঘ.