চট্টগ্রাম, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১২ অক্টোবর চট্টগ্রামে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের সম্পর্কের ৪০ বছর উপযাপন করা হবে।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে রোববার চেম্বার সভাপতির সঙ্গে সুইজারল্যান্ডের ডেপুটি হেড অব মিশন গ্যাবরিয়েল ডেরিগহেট্টির সাক্ষাতে এ সিদ্ধান্ত হয়।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, চট্টগ্রাম চেম্বার ও সুইস দূতাবাসের যৌথ আয়োজনে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক, কূটনৈতিক ও দ্বিপক্ষীয় সম্পর্কের ৪০ বছর উদযাপন করা হবে।
সুইজারল্যান্ডকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ সহযোগী উল্লেখ করে চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম জানান, গত বছর দুই দেশের মধ্যে ৩৩৭ মিলিয়ন ডলার বাণিজ্য হয়েছে।
ডেপুটি হেড অব মিশন গ্যাবরিয়েল ডেরিগহেট্টি বলেন, এ অঞ্চলের সম্ভাবনাময় খাতের প্রতি সুইস উদ্যোক্তারা ক্রমেই আগ্রহী হয়ে উঠছেন।
বিগত বছরগুলোর তুলনায় বর্তমানে দু’দেশের মধ্যে বাণিজ্য ২০ থেকে ৩০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া সুইজারল্যান্ডে বাংলাদেশের রপ্তানি পণ্যের ৯০ শতাংশই তৈরীপোশাক উল্লেখ করে এক্ষেত্রে পণ্য বহুমুখীকরণের পাশাপাশি অবকাঠামো ও বিদ্যুৎ খাতের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুবুল আলম বাংলাদেশ টেক্সটাইল, জাহাজ নির্মাণ, সিরামিক, ফার্মাসিউটিক্যালস, পর্যটন ও কৃষি খাতে সুইস বিনিয়োগ প্রত্যাশা করেন।
এ সময় অন্যদের মধ্যে চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, মোরশেদ আরিফ চৌধুরী, দূতাবাসের রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন কর্মকর্তা খালেদ ইকবাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/২২০৮ ঘ.
bdnews24