২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় গ্রামবাসীর সংঘর্ষ: পুলিশসহ আহত ৩৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস কাউন্টারের দখল নিয়ে রোববার দু’টি গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 03:17 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

গাইবান্ধা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস কাউন্টারের দখল নিয়ে রোববার দু’টি গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে। মহিমাগঞ্জের গোপালপুর ও কুমিরাডাঙ্গা গ্রামের বাসিন্দাদের মধ্যে চারঘণ্টার এ সংঘর্ষ চলাকালে ১২টি বাড়ি ভাংচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোবিন্দগঞ্জ থানার ওসি শেখ দেলোয়ার হোসেন বলেন, মহিমাগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লাবু মিয়া ও সাবেক শ্রমিক নেতা আব্দুল হাকিমের মধ্যে একটি পরিবহনের কাউন্টারের আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে বেলা ১১টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় উভয় গ্র“পের অন্তত ১০ জন আহত হয়। পরে পাশের গোপালপুর ও কুমিরাডাঙ্গা গ্রামের লোকজন লাঠিসোটা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে তিন কনস্টেবলসহ অন্তত ২৫ জন আহত হয়। এসময় বিক্ষুদ্ধ জনতা কুমিরাড়াঙ্গা গ্রামের ১০/১২টি বাড়ি-ঘর ভাংচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১১৫ ঘ.