২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চোর চক্রের সর্দারসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার ও টাকাসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 02:19 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

চট্টগ্রাম, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার ও টাকাসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- চারু মিয়া (৩৩), মো. খোকন (২২), সবুজ বনিক (৩৮) ও সুমন দে (২৭)। এদের মধ্যে চারু মিয়া চোরদের একটি দলের নেতৃত্ব দেন বলে পুলিশ জানায়। বিভিন্ন বাসার গ্রিল কেটে মালামাল লুটে নেয় এই চোর চক্র। কোতোয়ালী থানা পুলিশ গত দুই দিন অভিযান চালিয়ে এ চারজনকে গ্রেপ্তার করে। এরা সবাই নগরীর ডবলমুরিং এলাকার বাসিন্দা। কোতোয়ালী থানার ওসি (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চারু মিয়া ও খোকন বাসার গ্রিলকেটে বিভিন্ন মালামাল চুরির সঙ্গে জড়িত। আর চুরি করা মালামাল কেনা-বেঁচা করে সবুজ ও সুমন। “গ্রিলকাটা চোর দলের সর্দার মো. চারু মিয়া। প্রতিদিন সকাল বেলা পাঁচ থেকে ছয়জন চোরকে ভাঙ্গারি মাল খোঁজার জন্য গ্রিলকাটার যন্ত্রপাতিসহ দিনের খরচ দিয়ে নগরীর বিভিন্ন স্থানে পাঠান তিনি।” “হকার সেজে নগরীর বিভিন্ন এলাকায় ২০ থেকে ২৫টি চুরির ঘটনায় জড়িত থাকার কথা তারা স্বীকার করেছে,” বলেন তিনি। তিনি জানান, গত ২০ মে কোতোয়ালী থানার তিন নম্বর বংশাল রোড এলাকার একটি বাড়ি থেকে ২০ ভরি স্বর্ণালংকার ও সাতটি মোবাইল সেটসহ মোট ১১ লাখ ৫১ হাজার টাকার মালামাল চুরির মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/২০১২ ঘ.