ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে পানি ঘাটতির প্রত্যক্ষ প্রতারণার শিকার দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী। আর এই প্রতারণায় জড়িত রয়েছে প্রভাবশালী মহল, যারা আদায় করছে পানির প্রকৃত দামের তিনগুণ।
শনিবার রাজধানীতে ‘ঢাকা শহরে পানি সরবরাহে সততা ও স্বচ্ছতা: চ্যালেঞ্জ ও করনীয়’ শীর্ষক আলোচনা সভায় এমনসব অভিযোগ উঠে এসেছে। সেই সঙ্গে মতামত এসেছে সংকট থেকে উত্তরণের বিষয় নিয়েও।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান পানি সরবরাহে ওয়াসার সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, “এর কোনো বিকল্প নেই। অনিয়মের সুযোগ নিচ্ছে একটি প্রভাবশালী মহল। তারাই গ্রাহকদের বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের প্রতারিত করছে।”
বিয়াম ফাউন্ডেশনে আয়োজিত এ আলোচনা সভার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) ও বাংলাদেশ ওয়াটার ইন্ট্রিগ্রিটি নেটওয়ার্ক (বাউইন)।
আলোচনায় ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. খন্দকার আজহারুল হক বলছেন, জবাবদিহিতামূলক ব্যবস্থা না থাকায় সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত প্রকল্প সহায়তাগুলো সঠিকভাবে বাস্তবায়িত হয় না।
বস্তিবাসীরা সাধারণ গ্রাহকদের চেয়ে তিনগুণ বেশি দামে পানি কেনে বলেও জানান তিনি।
অবশ্য ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক কামরুল আলম চৌধুরী দাবি করেন, ওয়াসায় আমলাতান্ত্রিকতা আর দুর্নীতির মতো সমস্যা থাকলেও তারা তা কমিয়ে আনার চেষ্টা করছেন।
বক্তারা রাজধানীর বিদ্যমান পানি সমস্যা নিরসনে ভূ-গর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বড়ানোর ওপর জোর দেন।
এ বিষয়ে কামরুল আলম বলেন, “এই মুহূর্তে চাহিদার ৮৮ শতাংশ ভূ-গর্ভস্থ উৎস থেকে এবং মাত্র ১২ শতাংশ ভূ-উপরিস্থ উৎস থেকে জোগান দেওয়া হয়।”
প্রতিবছরই পানির স্তর বিপজ্জনক হারে নেমে যাওয়ার তথ্য তুলে ধরেন পরিবেশ ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রকৌশলী ম. ইনামুল হক।
তিনি বলেন, “১৯৭০ সালে ঢাকার ভূ-গর্ভস্থ জল প্রাপ্তির গড় গভীরতা ছিলো ১১.৩ মিটার, ৯৬ সালে ২৬.৬ মিটার, ৯৭ সালে ২৮.১৫ মিটার, ৯৮ সালে ৩০.৪৫ মিটার এবং সর্বশেষ ২০০৭ সালে ৬১.১৮ মিটারে এসে দাঁড়িয়েছে।”
এসব বিষয়ে পানিমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেন, ভূ-উপরিস্থ পানির জোগান বাড়াতে যমুনা নদী থেকে পানি এনে বুড়িগঙ্গা নদীতে ফেলার একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মূল কারণ প্রবাহ বাড়িয়ে দূষণ কমানো।
তবে এ ব্যবস্থা খুব কার্যকর হবে না মন্তব্য করেন ইনামুল হক।
তার মতে, “প্রকল্পটি ব্যর্থ হতে বাধ্য। কারণ খননকৃত নদীর তলা পরবর্তী বর্ষায় নদীবাহিত পলিতে আবার পূর্ণ হয়ে যাবে।” তবে যমুনা নদীতে ব্যারেজ নির্মাণ করে এই প্রকল্প পরিচালনা করলে তা সফল হবে বলে আশাবাদী এই পানি বিশেষজ্ঞ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/২২২১ ঘ.
bdnews24