ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা আলমগীর হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুক্তিযুদ্ধে মাদারীপুর জেলায় মুক্তিবাহিনীর সাব-সেক্টর কমান্ডার এবং মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আলমগীর হোসেন (৬৫) দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন।
শনিবার বেলা ১২টার দিকে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মুক্তিযোদ্ধা আলমগীর চার সন্তানের জনক।
শোকবার্তায় প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা হিসেবে দেশের মুক্তিযুদ্ধে আলমগীর হোসেনের অবদানের কথা স্মরণ করে বলেন, তার মৃত্যুতে দেশ একজন বীর মুক্তিযোদ্ধাকে হারাল।
তিনি প্রয়াত এই নেতার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২১১৯ ঘ.
bdnews24