রংপুর, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি কর্পোরেশন ঘোষণা করে আগামী বাজেটে এজন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবিতে হরতালের আগের দিন সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে রংপুরে।
শনিবার দুপুরে রংপুর শহরতলীর বিনোদপুর রেলক্রসিংয়ে ঢাকা-রংপুর মহাসড়কে ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে রংপুর সিটি কর্পোরেশন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।
এসময় এক ঘণ্টা ট্রেন চলাচল ও সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। একই দাবিতে রোববার এই বিভাগীয় শহরে হরতাল ডেকেছে জাতীয় পার্টি।
রংপুর বিভাগ হিসেবে যাত্রা শুরুর পর পৌর শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিনোদপুর সমাবেশে বক্তারা বলেন, প্রতিশ্রুতি নয়, আসন্ন বাজেট অধিবেশনের আগেই রংপুরকে আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশন ঘোষণা করতে হবে। সেই সঙ্গে বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে হবে।
দাবি না মানা হলে লাগাতার কর্মসূচীর মাধ্যমে রংপুরকে অচল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের আহবায়ক সাবেক সংসদ সদস্য শরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টু, কারমাইকেল কলেজের সাবেক ভিপি মাহমুদ হাসান খোকন, রংপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদ নবী মুন্না, কৃষক লীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন সরকারসহ আরো অনেকে।
এদিকে রোববারের হরতালের সমর্থনে দুপুর দেড়টার দিকে জাতীয় পার্টির রংপুর জেলা কার্যালয় থেকে একটি মিছিল বের করে। এতে নেতৃত্ব দেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, রংপুর পৌরসভার মেয়র ও জাতীয় পার্টির নেতা আব্দুর রউফ মানিকসহ আরো অনেকে।
২০১১ সালে ৮ জানুয়ারি রংপুর সফরে গিয়ে একে সিটি কর্পোরেশনে উন্নীত করা ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ না নেওয়ায় বিভিন্ন কর্মসূচি পালন করছে রংপুরবাসী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৬২০ ঘ.
bdnews24