চট্টগ্রাম, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট সরকার গণতন্ত্রের নামে এক-এগারোর চেয়েও ভয়াবহ কায়দায় দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার সকালে নগরীর প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গণতন্ত্রকে গৃহবন্দি করে রাখা হয়েছে- অভিযোগ তুলে আমীর খসরু বলেন, “সরকার সারা দেশকে কারাগারে পরিণত করছে। গণতন্ত্রের লেবাসে এক এগারোর চেয়েও ভয়াবহ কায়দায় দেশ চালাচ্ছে।”
সংবাদ সম্মেলনে ১৩ মে চট্টগ্রামে পুলিশের সঙ্গে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের সংঘর্ষের জন্য পুলিশকে দায়ী করেন তিনি। এ ছাড়া পুলিশের হামলায় আহত হয়ে পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের নেতা হুমায়ুন কবিরের মৃত্যু হয়েছে বলে দাবি করেন মহানগর বিএনপির এই সভাপতি।
আমীর খসরু বলেন, “এই মামলায় এমন কয়েকজনকে আসামি করা হয়েছে যারা ঘটনাস্থলেই ছিলেন না। এতে প্রমাণ হয় মামলাগুলো মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট ও হয়রানিমূলক।”
অনদের মধ্যে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ রোজী কবির, নগর সহসভাপতি শামসুল আলম ও আবু সুফিয়ান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসবি/এমসি/এএল/১৭১৫ ঘ.
bdnews24