দিনাজপুর, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের পার্বতীপুর উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরিরের দুই নারী সদস্যকে আটক করেছে পুলিশ।
বড়পুকুরিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, শনিবার দুপুর ১২টার দিকে বড়পুকুরিয়া কয়লা খনি বাজার থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ওই সংগঠনের কয়েকটি বইও উদ্ধার করা হয়।
আটকরা হলেন- দিনাজপুরের বিরামপুর উপজেলার শ্রীপুর গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী আরফিনা আক্তার (২৫) ও একই এলাকার বাবুল ইসলামের মেয়ে মৌসুমী আক্তার (১৬)।
এসআই আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১২টার দিকে বড়পুকুরিয়ার কয়লা খনি বাজারে গোপনে হিযবুত তাহরির বই বিলি করার সময় এলাকাবাসী তাদের আটক করে।
“আটকের পর তারা নিজেদের হিজবুত তাহরির সদস্য বলে দাবি করেন। সংবাদ পেয়ে বড়পুকুরিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।”
পুলিশ কর্মকর্তা আব্দুস সালাম আরো জানান, জিজ্ঞাসাবাদে তারা হিযবুত তাহরিরের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। থানায় তাদের আরো জিজ্ঞাসাবাদ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫০২ ঘ.
bdnews24