ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এভারেস্টজয়ী বাংলাদেশি দ্বিতীয় নারী ওয়াসফিয়া নাজরীনকে অভিনন্দন জানিয়েছেন এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহিম।
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে মুসা ইব্রাহিমের আরোহনের দুই বছর পর শনিবার সকালে হিমালয় চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান ওয়াসফিয়া।
সাত মহাদেশের সর্বোচ্চ সাত চূড়ায় ওঠায় ২৯ বছর বয়সি এই নারীর প্রচারসঙ্গী ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ তাদের ফেইসবুক পাতায় ওয়াসফিয়ার এভারেস্ট জয়ের ঘোষণা দেয়।
ওই পাতায় পোস্টে মুসা ইব্রাহিম তার উত্তরসূরিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন- বাংলাদেশের নারীরা প্রমাণ করেছে, তারা চাইলেই পারে।
সবচেয়ে কম বয়সী বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে ওঠা ওয়াসফিয়া স্যাটেলাইন ফোনের মাধ্যমে ‘বাংলাদেশ অন সেভেন সামিটস দল’কে বলেছেন, “আমাদের দেশ স্বাধীন হলেও আমরা নারীরা এখনো স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। এ জয় বাংলাদেশের নারীদের জন্য যারা স্বাধীনতা, শান্তি ও সমতার জন্য প্রতিনিয়ত লড়াই করছে।”
এভারেস্টজয়ী ওয়াসফিয়াকে অভিন্দন জানিয়েছেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।
তিনি এক অভিনন্দন বার্তায় বলেন, “বাংলাদেশের নারীরা যে এগিয়ে চলেছে, ওয়াসফিয়ার কৃতিত্ব তারই স্বাক্ষর। তার এভারেস্টজয়ের আনন্দে সবার মতো আমিও শামিল।”
ওয়াসফিয়ার ঠিক এক সপ্তাহ আগে গত শনিবার বাংলাদেশি প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। পর্বত থেকে নেমে তিনি এখন কাঠমান্ডুর পথে রয়েছেন।
‘বাংলাদেশ অন সেভেন সামিট’ জানিয়েছে, ওয়াসফিয়া এখন নিচে নামতে শুরু করেছেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে এক বা দুদিনের মধ্যেই তিনি নেমে আসবেন।
২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। এরপর ২০১১ সালের ২১ মে এভারেস্ট চূড়ায় ওঠেন এম এ মুহিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১০১৫ ঘ.
bdnews24