ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দরিদ্রবান্ধব ও গণমুখী বাজেটের দাবি জানিয়েছে বাজেটে বিষয়ক নাগরিক মোর্চা।
শুক্রবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ভূমিহীন সমিতি, জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা ও বাংলাদেশ কৃষক ফেডারেশনসহ ২৪ টি সংগঠনের এই মোর্চার নের্তৃবৃন্দ আসন্ন বাজেটে মোট ৮ টি ক্ষেত্রে অধিক বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছে।
এই ক্ষেত্রগুলো হচ্ছে, কৃষি অধিকার নিশ্চিত করা, ভূমিহীনদের পুনর্বাসন উদ্যোগ নেওয়া, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া, দলিত জনগোষ্ঠীর জন্য বাজেট লাইন সৃষ্টি করা, প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মূল স্রোতধারায় নিয়ে আসা, আদিবাসিদের জন্য বৈষম্যহীন সমাজব্যবস্থা নিশ্চিত করা, তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছানো, নারী অধিকার অর্জনে জেন্ডার বাজেট প্রণয়ন প্রভৃতি।
সংবাদ সম্মেলনে বাজেট বিষয়ক নাগরিক মোর্চাভূক্ত সংগঠন সুশাসনের জন্য প্রচারাভিযান- সুপ্র এর সাধারণ সম্পাদক এম এ কাদের বলেন, “আমাদের বাজেট প্রণয়ন প্রক্রিয়া এখনও আমলা নির্ভর। বাজেটে জনগণের কার্যকর অংশগ্রহন নিশ্চিত করা না গেলে সত্যিকার কল্যাণমুখী বাজেট প্রণয়ন সম্ভব নয়।”
তিনি বলেন, “ইডিজেড এবং ইকনমিক জোনগুলোতে শ্রমআইন মানা হয় না। আমরা প্রত্যাশা করব যেন আসন্ন বাজেটে সরকার এ বিষয়টি বিবেচনা করেন।”
সংবাদ সম্মেলনে মোর্চাভূক্ত ২৪টি সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এসইউ/২১০৪ ঘ.
bdnews24