হবিগঞ্জ, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সেচ পাম্পের ছেঁড়া তারে জড়িয়ে এক স্কুলছাত্র মারা গেছে জানিয়েছে পুলিশ।
মাধবপুর থানার ওসি অমল কুমার ধর জানান, মাধবপুরের বেলাপুর গ্রামে শুক্রবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।
মৃত এনায়েত হোসেন (১২) বেলাপুর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। স্থানীয় তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল সে।
ওসি অমল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টার দিকে ফয়েজ তার ছেলে এনায়েতকে নিয়ে গ্রামের পাশের একটি মাঠে ধান কাটতে যান। এসময় স্থানীয় চৌমুহনী ইউনিয়ন বিএনপি নেতা হাজী খুর্শেদ চৌধুরীর সেচ পাম্পের একটি ছেঁড়া তারে জড়িয়ে পড়ে এনায়েত।
“ছেলেকে বাঁচাতে ফয়েজ উদ্দিন এগিয়ে গেলে তিনিও তারে জড়িয়ে যান। স্থানীয় লোকজন তাদের দুজনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনায়েতকে মৃত ঘোষণা করেন,” বলেন তিনি।
গুরুতর আহত ফয়েজ উদ্দিন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৬০০ ঘ.
bdnews24