চাঁপাইনবাবগঞ্জ, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরে ট্রাকের ওপর থেকে পড়ে এক ভারতীয় ট্রাক চালকের মৃত্যু হয়েছে।
পুলিশ বলছে, বৃহস্পতিবার রাতে ট্রাকের ওপর থেকে ঘুমের মধ্যে পড়ে যান লক্ষণ সিং (৪৪) নামের এই ভারতীয় নারিক। তার বাড়ি ভারতের বিহার রাজ্যের পাটনায়।
শিবগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, ভারত থেকে একটি মালবাহী ট্রাক নিয়ে বৃহস্পতিবার দুপুরে সোনামসজিদ স্থল বন্দরে আসেন লক্ষণ। পণ্য খালাসের পর রাতে ট্রাকের কেবিনের ওপর ঘুমিয়ে ছিলেন তিনি।
“রাত ২টার দিকে ঘুমের ভেতরে পড়ে গিয়ে গুরুতর আহত হয় চালক। স্থানীয় বিজিবি সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। শুক্রবার ময়না তদন্ত শেষে লক্ষণের লাশ ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জাহাঙ্গীর হোসেন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১৫০০ ঘ.
bdnews24