২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে লাশ ফেরত দিল বিএসএফ

দিনাজপুর সীমান্তে গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার দিনভর লুকোচুরির পর রাতে বিজিবির কাছে লাশ হস্তান্তর করেছে বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2012, 09:13 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

দিনাজপুর, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর সীমান্তে গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার দিনভর লুকোচুরির পর রাতে বিজিবির কাছে লাশ হস্তান্তর করেছে বিএসএফ। নিহত নাদের আলী (৩৭) ফুলবাড়ি উপজেলার নন্দী গ্রামের বুধা মিয়ার ছেলে। বৃহস্পতিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে নিহত হন তিনি। নাদেরের ছোট ভাই শহীদুল ইসলাম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ভারতের দারাজপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তার ভাইকে গুলি করে হত্যা করে। গরু আনতে আরো কয়েকজনের সঙ্গে ভারতে গিয়েছিলেন নাদের। বিজিবি আমড়া বিওপির কমান্ডার মোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা নাদের আলীকে হত্যার খবর পেলেও বিএসএফ সারাদিন তা অস্বীকার করে। দুই দফা পতাকা বৈঠকের পর বৃহস্পতিবার সন্ধ্যায় গুলির বিষয়টি স্বীকার করে লাশ হস্তান্তরের প্রস্তাব দেয় বিএসএফ। এরপর রাত ৯টার দিকে নাদেরের লাশ ফিরিয়ে দেওয়া হয় বলে মোরশেদ আলম জানান। তিনি বলেন, পুলিশ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ছোটভাই শহীদুলের কাছে নাদেরের লাশ হস্তান্তর করেছে বিজিবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১৫০৯ ঘ.