২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল পলিটেকনিকের ১২ শ’ শিক্ষার্থীর নামে মামলা

ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা নিয়ে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ভাঙচুরের ঘটনায় ১২ শ’ শিক্ষার্থীর বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2012, 08:08 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

বরিশাল, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা নিয়ে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ভাঙচুরের ঘটনায় ১২ শ’ শিক্ষার্থীর বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা করেছে পুলিশ। কোতয়ালী থানার ওসি মতিয়ার রহমান জানান, বৃহস্পতিবার গভীর রাতে কোতয়ালী মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন মামলাটি দায়ের করেন। তিনি জানান, মামলায় ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া এক হাজার থেকে ১২শ’ জন অজ্ঞাতপরিচয় আসামির কথা উল্লেখ করা হয়েছে। দ্রুত বিচার আইনের ৩ ও ৪ ধারায় আসামিদের বিরুদ্ধে এ মামলা হয়েছে বলে জানান ওসি। ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণীতে নামিয়ে দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে সারাদেশের বিভিন্ন জেলায় পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে, যদিও শিক্ষা মন্ত্রণালয় বলেছে, পদমর্যাদা পরিবর্তনের বিষয়টি সঠিক নয়। বরিশালের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরী প্রদক্ষিণের সময় বটতলা বাজারসহ বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান, বাসা-বাড়ি ও যানবাহন ভাঙচুর করে। নিয়মিত-অনিয়মিত মিলিয়ে বরিশাল পলিটেকনিকে চার হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৩৫৫ ঘ.