চুয়াডাঙ্গা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গায় জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন দুই কর্মচারী।
তারা হলেন- জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান সহকারী গোলাম হোসেন (৫২) ও পিওন সানোয়ার হোসেন (৩২)।
বৃহস্পতিবার সকালে অগ্রণী ব্যাংক কেদারগঞ্জ শাখা থেকে আটক করে তাদেরকে সদর থানায় দেওয়া হয়েছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী ওমর ফারুক বাদী হয়ে একটি মামলা করেছেন।
ওমর ফারুক জানান, গ্রেপ্তারকৃত দুই জন জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে বৃহস্পতিবার অগ্রণী ব্যাংক কেদারগঞ্জ শাখায় সাড়ে ৬ লাখ টাকা উত্তোলনের জন্য চেক জমা দেয়। সন্দেহ হওয়ায় ব্যাংক কর্মকর্তারা চেকের পেছনে মোবাইল নম্বর লিখতে বললে সানোয়ার তার নিজের মোবাইল নম্বর লিখে দেয়।
পরে ব্যাংক কর্তৃপক্ষ টাকা না দিয়ে চেকের বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করে জাল স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি এরশাদুল কবির চৌধুরী বলেন, ওই দুই জনের নামে মামলা হয়েছে। আপাতত তাদের থানায় রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৯০১ ঘ.
bdnews24