ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টক শোতে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে হাই কোর্টে ব্যক্তিগত হাজিরা দেওয়া থেকে অব্যাহতি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।
বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
আদেশের আগে শুনানির সময় প্রায় এক ঘণ্টা আদালতে দাঁড়িয়ে ছিলেন আইন বিভাগের এই শিক্ষক। আদালত তলব করায় হাজির হয়েছিলেন তিনি।
আদালত ১৪ জুন এই রিট আবেদনের পরবর্তী শুনানির দিন ঠিক করেছে।
শুনানির এক পর্যায়ে আদালত ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আসিফ নজরুলের পক্ষে আবেদন করতে তার আইনজীবী ড. কামাল হোসেনকে বলেন।
এরপর আবেদন দাখিল করা হলে আদালত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আসিফ নজরুলকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়।
বাংলাভিশনে একটি টক শোতে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর গত ১৫ মার্চ এই হাই কোর্ট বেঞ্চ এই শিক্ষককে তলব করে।
আসিফ নজরুলের বিরুদ্ধে অভিযোগ, গত ১২ মার্চ টিভি টক শোতে তিনি বলেছিলেন, “আগামীতে কে ক্ষমতায় আসবে- বিরোধীদলীয় নেত্রীকে জিজ্ঞেস করলে তিনি বলবেন, তৃতীয় শক্তি। প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করলে তিনিও বলবেন, তৃতীয় শক্তি।”
তার এই বক্তব্য অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতা দখলে উস্কানি দেওয়ার শামিল দাবি করে রিট আবেদনটি করেন ব্যারিস্টার নওশের আলী নামে এক আইনজীবী।
ওই বক্তব্যের ব্যাখ্যা দিতেই ‘নাগরিক আন্দোলন’ নামে নবগঠিত একটি ফোরামের অন্যতম উদ্যোক্তা আসিফ নজরুলকে আদালতে তলব করা হয়েছিল।
তাকে ২২ মার্চ আদালতে হাজির হতে বলা হয়। ওই দিন তিনি হাই কোর্টে এলেও বেঞ্চের এক বিচারপতি ছুটিতে থাকায় শুনানি হয়নি। এরপর ২৯ এপ্রিল শুনানির দিন ধার্য থাকলেও হরতালের কারণে তা হয়নি।
আদালত গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস ও তৃতীয় শক্তির উত্থানে উস্কানি দেওয়া এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে কেন আসিফ নজরুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, এই রুল জারি করে।
এর শুনানিতে বাক স্বাধীনতার সীমা বিষয়ে মত দিতে ১৩ জনকে অ্যামিকাস কিউরি (আদালত-বন্ধু) হিসাবে নিয়োগ দিয়েছে আদালত।
৩ মে এই মামলার সর্বশেষ শুনানি হয়। সেদিন দুই বিচারপতি এজলাসে আসন গ্রহণ করার পর ড. কামাল গিয়ে আসিফকে আদালতে দাঁড় করিয়ে রাখায় আপত্তি তোলেন।
ওইদিন আসিফ নজরুল আদালত অঙ্গনে এলেও বিচার কক্ষে ঢোকেননি। তবে এর আগে গত ১৫ এপ্রিল আদালত তাকে কাঠগড়ার পাশে ১ ঘণ্টা ৫ মিনিট দাঁড় করিয়ে রাখে।
দাঁড় করিয়ে রাখার বিরোধিতা ড. কামালের
বৃহস্পতিবার শুনানির শুরুতে মামলার নম্বর ঘোষণার পরই আদালত বিবাদি কোথায় জানতে চাইলে ড. কামাল বলেন, “আমি বিবাদির প্রতিনিধিত্ব করছি। তিনি আসবেন না।”
বিচারক তখন বলেন, “তাকে এখানে আসতে হবে। আমরা তাকে তলব করেছি। ডাকেন, তাকে ডাকেন।”
ড. কামাল বলেন, “তিনি এখানে আসবেন না। রিটের বিবাদিকে আদালতে দাঁড় করিয়ে রাখা যায় না।”
বিচারক বলেন, “তার (আসিফ) বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ কারণে আমরা তাকে তলব করেছি। তাকে আসতে বলেন, নয়তো আমরা আদালত অবমাননার রুল জারি করব।”
তখন আসিফ নজরুল এসে কাঠগড়ার পাশে দাঁড়ান।
ড. কামাল বলেন, রিটে বাদি-বিবাদি সমান। তাহলে বাদিকেও দাঁড় করিয়ে রাখতে হবে।
এ সময় রিট আবেদনকারী ব্যারিস্টার নওশের আলী দাঁড়িয়ে যান।
আদালত বলে, “আপনি সঠিক বলেছেন। রিটে বাদি-বিবাদি একই সমান। তবে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় আমরা তাকে (আসিফ) তলব করেছি। এ কারণেই তাকে হাজির থাকতে হবে।”
ড. কামাল বলেন, “আমাদের উপমহাদেশের ১৫০ বছরের ইতিহাসে এভাবে রিটের বিবাদিকে দাঁড় করিয়ে রাখার একটি দৃৃষ্টান্ত দিন।”
বিচারক বলেন, “এ ধরনের অন্তত একটি মামলার কথা আমি জানি।”
এ সময় আদালত লন্ডনের একটি মামলার দৃষ্টান্ত তুলে ধরে।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮২৫ ঘ.
bdnews24