গাজীপুর, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুরে একটি তৈরি পোশাক কারখানার ছিনতাই হওয়া বিপুল পরিমাণ পোশাকসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি আটক করা হয়।
বুধবার রাত ১১টার দিকে শ্রীপুর উপজেলার সিংড়াতলী এলাকা থেকে পোশাক কারখানা ‘ডেনিম্যাকে’র ছিনতাই করা মালামাল অন্য গাড়িতে স্থানান্তর করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ঢাকার মীরপুর এলাকার আবুল কালাম (৪০), গাজীপুরের শ্রীপুরের হানিফ (২৪) ও রাসেল (২৯) ।
ডেনিম্যাক কারখানার সহকারী প্রকল্প ব্যবস্থাপক গোলাম নবী স্বপন জানান, বুধবার রাত ৮টার দিকে ঢাকার উদ্দেশ্যে রপ্তানিযোগ্য ১৭শ’ জিনসের প্যান্ট পাঠানো হয়। পোশাকবাহী কভার্ড ভ্যানটি শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় পৌঁছালে ৮/১০ জন মটরসাইকেল আরোহী ছিনতাইকারী গতিরোধ করে মালামালসহ ভ্যানটি ছিনিয়ে নেয়।
কভার্ড ভ্যানে কারখানার কর্মী মিজান থাকলেও তাকে আটকে রাখে ছিনতাইকারীরা।
এএসপি মশিউদ দৌলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে শ্রীপুর থানা ও মাওনা মহাসড়ক পুলিশ শ্রীপুরের সিংড়াতলী এলাকায় পৌঁছে মালামালসহ পিক-আপ ভ্যনের চালক আবুল কালাম, চালকের সহকারী হানিফ ও রাসেলকে আটক করে।
এ ঘটনায় শ্রীপুর থানায় দ্রুতবিচার আইনে একটি মামলা হয়েছে বলে জানান এএসপি মশিউদ-দৌলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৬১৮ ঘ.
bdnews24