ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা সরকারি ব্যবস্থাপনার বদলে বেসরকারি রপ্তানিকারকদের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর দাবি তুললেও তা নাকচ করে দিয়েছেন মন্ত্রী।
বৃহস্পতিবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে এক বৈঠকের পর প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, অভিবাসন ব্যয় কমানোসহ জনশক্তি পাঠানোর ক্ষেত্রে অনিয়ম রোধে সরকারি ব্যবস্থাপনাতেই মালয়েশিয়ায় লোক পাঠানো হবে।
উভয় দেশের মধ্যে আস্থার সম্পর্ক এবং বিশ্বাসযোগ্যতা সৃষ্টি হলে পরবর্তীতে একটি গ্রহণযোগ্য পদ্ধতি নির্ধারণ করে বেসরকারি খাতে লোক পাঠানো হবে বলে জানান মন্ত্রী।
এই বৈঠকে বায়রা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সভাপতি শাহজালাল মজুমদার ও মহাসচিব আলী হায়দার চৌধুরী। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শামসুন নাহারও আলোচনায় উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আলী হায়দার চৌধুরী সাংবাদিকদের বলেন, মন্ত্রীর সঙ্গে বৈঠকে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বায়রার কিছু প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছেন মন্ত্রী। তিনি বায়রাকে সরকারের সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন।
“মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে অভিবাসন ব্যয় কমানোর বিষয়েও আলোচনা হয়েছে। এজন্য বায়রার পক্ষ থেকে সম্ভাব্য অভিবাসন ব্যয় নির্ধারণ করে একটি প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দিতে বলেছেন মন্ত্রী।”
বায়রার সভাপতি শাহজালাল মজুমদার বলেন, “মন্ত্রীর প্রস্তাবের প্রেক্ষিতে বায়রার পক্ষ থেকে আজই একটি কমিটি গঠন করা হবে। কমিটির প্রস্তাবের ভিত্তিতে আগামী সোমবারের মধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব জমা দেব আমরা।”
তিনি জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়েও কথা বলেছেন তারা। সরকারি পর্যায়ে না পাঠিয়ে বেসরকারি রপ্তানিকারকদের মাধ্যমে কর্মী পাঠাতে তারা প্রস্তাব দিয়েছেন।
তবে মন্ত্রী খন্দকার মোশাররফ বলেছেন, জনশক্তি রপ্তানি খাতের বিশৃঙ্খলা ঠেকাতে সরকারি পর্যায়েই মালয়েশিয়ায় লোক পাঠানো শুরু হবে। এ বিষয়টি চূড়ান্ত করতে আগামী ৫ জুন মালয়েশিয়ার প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে শিগগিরই দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
তিনি জানান, মালয়েশিয়ায় বর্তমানে তালিকাভুক্ত দুই লাখ ৬৭ হাজার ‘অবৈধ’ বাংলাদেশি কর্মী রয়েছে। ইতোমধ্যে তাদের বৈধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।
অতিরিক্ত অভিবাসন ব্যয়কে অবৈধভাবে বিদেশে যাওয়ার অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করে মন্ত্রী বলেন, “সরকার অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ এবং বিশৃঙ্খলা রোধে সরকারি পর্যায়ে লোক পাঠাবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৫৩০ ঘ.
bdnews24