২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যামনেস্টির প্রতিবেদনবন্ধের প্রতিশ্রুতির পরও বিচার বহির্ভূত হত্যা চলছে

বাংলাদেশ সরকার নারী নীতি কার্যকর করতে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতেও ব্যর্থ হয়েছে বলে মনে করে এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2012, 04:18 AM

Updated : 24 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে ‘এলিট’ বাহিনী র‌্যাবের বিচার বহির্ভূত হত্যা বন্ধ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সরকার এ ধরনের ঘটনা বন্ধের প্রতিশ্রুতি দিলেও তা রাখতে পারেনি বলে মনে করছে লণ্ডনভিত্তিক এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। অ্যামনেস্টির ৫০তম বিশ্ব মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশ পরিস্থিতি প্রসঙ্গে বলা হয়েছে, “সরকার বিচার বহির্ভূত হত্যা বন্ধের অঙ্গীকার করলেও তা থামেনি। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাবের বিরুদ্ধে গত বছর বিচার ছাড়াই ৫৪ জনকে হত্যার অভিযোগ এসেছে। এসব ঘটনার স্বাধীন তদন্ত বা সুবিচার- কোনোটিই হয়নি।” বুধবার প্রকাশিত এই বার্ষিক প্রতিবেদনে গত বছর বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেছে অ্যামনেস্টি। এই সংস্থার বিচারে, গত বছর বিশ্বের বিভিন্ন প্রান্তে অধিকার আদায়ে মানুষের প্রতিবাদী হয়ে ওঠার সঙ্গে সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা একটি বৈশ্বিক বিষয়ে পরিণত হয়েছে। লন্ডনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদরদপ্তরে ৪০০ পৃষ্ঠার এই প্রতিবেদন প্রকাশ করে সংস্থার মহাসচিব সলিল সেট্টি বলেন, “গত এক বছরে রাষ্ট্রনায়কদের ব্যর্থতা একটি সাধারণ চিত্রে পরিণত হয়েছে। রাজনীতিবিদরা সাধারণ মানুষের প্রতিবাদের জবাব দিয়েছে নির্মমতা, নিষ্ঠুরতার সঙ্গে।” বিচার বহির্ভূত হত্যা ছাড়াও বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, “নারীর প্রতি সহিংসতা বন্ধে নতুন নারী নীতি কার্যকর করতে সরকার ব্যর্থ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধনের ফলে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃতদের ন্যয়বিচার না পাওয়ার আশঙ্কা কিছুটা কমেছে, কিন্তু তা পুরোপুরি লাঘব হয়নি। পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমি ও স্বাভাবিক জীবনযাত্রার অধিকারও সরকার নিশ্চিত করতে পারেনি।” অ্যামনেস্টির হিসাবে গত এক বছরে বাংলাদেশে অন্তত ৪৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর ফাঁসি কার্যকর করা হয়েছে অন্তত পাঁচ জনের। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক আব্বাস ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লন্ডন প্রতিনিধি সৈয়দ নাহাস পাশাকে বলেন, “বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনা অতি সম্প্রতিক হওয়ায় এ প্রতিবেদনে তা আসেনি। তবে তার গুম হওয়ার ঘটনায় প্রশ্ন জাগছে, এটা কি বাংলাদেশের নতুন কৌশল?” বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ-বিএনপি উভয়কেই দেশের মানবাধিকার পরিস্থিতির অবনতির জন্য দায়ী করেন আব্বাস। তিনি বলেন, “সরকারে যাওয়ার পর মানবাধিকার উন্নয়নের প্রতিশ্র“তির বিষয়টি তারা ভুলে যান। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে বলা হয়েছিল তারা ক্রসফায়ার বন্ধ করবে। কিন্তু গত বছরও অর্ধশতাধিক লোক র‌্যাবের হাতে নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে।” বিচার বহির্ভূত হত্যা অ্যামনেস্টির হিসেবে, ২০০৪ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে র‌্যাব প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত অন্তত ৭০০ বিচার বহির্ভূত হত্যার অভিযোগ পাওয়া গেছে। র‌্যাবের হাতে নির্যাতন বা আহত হওয়ার ঘটনা ঘটেছে আরো বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, “অনেক ক্ষেত্রেই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, র‌্যাব ধরে নিয়ে যাওয়ার পর তাদের সন্তানদের হত্যা করা হয়েছে। র‌্যাব যে ক্রসফায়ারের কথা বলে, সেভাবে তাদের মৃত্যু হয়নি। আর এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে কর্তৃপক্ষ পুরোপুরি ব্যর্থ হয়েছে।” উদাহরণ হিসেবে ঝালকাঠিতে র‌্যাবের হাতে লিমন হোসেনের নির্যাতনের শিকার হওয়ার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে লিমন র‌্যাবের গুলিতে পঙ্গু হলেও পুলিশ উল্টো তার বিরুদ্ধেই মামলা করেছে। নারীর প্রতি সহিংসতা প্রতিবেদনে বলা হয়, গত বছর মার্চে প্রকাশিত জাতীয় নারী উন্নয়ন নীতিতে নির্যাতনের শিকার নারী ও শিশুদের জন্য চিকিৎসা সেবা, আইনি সহায়তা এবং কাউন্সিলিং দেওয়ার কথা বলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। কিন্তু মানবাধিকার সংস্থাগুলো বলছে, কর্তৃপক্ষ এ পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। যৌন ও অন্যান্য নির্যাতনের শিকার অনেক নারী ও শিশু সরকারি সংস্থাগুলোর কাছ থেকে কোনো সহায়তা পায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালিদের হাতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভূমি দখল হয়ে যাওয়া ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অ্যামনেস্টি বলছে, পার্বত্য জেলাগুলোতে দুই পক্ষের সহিংস সংঘর্ষে সম্পত্তির ক্ষতিসাধনের পাশাপাশি হতাহতের ঘটনাও ঘটছে। “ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেকেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে জানিয়েছেন, সেনাবাহিনীর কাছ থেকে বাধা না পেয়ে বাঙ্গালিরা প্রায়ই পাহড়িদের ঘরে আগুন দিচ্ছে। সেনাবাহিনী বা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই এটা ঘটছে।” পুলিশি নির্যাতন অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে পুলিশ হেফাজতে নির্যাতনে কমপক্ষে তিনজন মারা গেছে বলে অভিযোগ উঠেছে। “সরকার বলেছে এই মৃত্যুতে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বছর শেষে কারও বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি।” বছরজুড়ে র‌্যাব, পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে ‘হাজার হাজার’ নির্যাতনের অভিযোগ উঠলেও সরকার কোনো ঘটনারই বিচার করেনি বলে উল্লেখ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/জেকে/এসইউ/১০০১ ঘ.