২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রাম বিজিবি ক্যাম্পে শিশু ‘খুন’

কুড়িগ্রাম ৪৫ বিজিবি ক্যাম্প এলাকায় একটি শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 04:28 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

বুড়িগ্রাম, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম ৪৫ বিজিবি ক্যাম্প এলাকায় একটি শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ক্যাম্পের ভিতরের একটি সেফটিক ট্যাংকের উপর শিখা (৯) নামের মেয়েটির লাশ পাওয়া যায়। শিখা বিজিবি’র ওই ক্যাম্পের হাসপাতালের আয়া শিরিন আক্তারের মেয়ে। তিনি ক্যাম্পের স্টাফ কোয়ার্টারের ১ নম্বর বাসায় থাকেন। তাদের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার নাংগুলি গ্রামে। শিখার বাবা মর্তুজা আলী বিডিআর সদস্য থাকা অবস্থায় পাঁচ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। শিখাকে হত্যায় জড়িত সন্দেহে পুলিশ এক কিশোরকে আটক করেছে। এ ঘটনায় বুধবার শিরিন আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় বলা হয়, মঙ্গলবার সকালে শিরিন আক্তার ছেলে ইয়ামিন খান (১২) ও মেয়ে শিখাকে বাসায় রেখে হাসপাতালে চলে যান। ওই সময় পাশের বাসার বিজিবি সদস্য মো. বেলায়েত হোসেনের শ্যালক কাজী জাকারিয়া আলিফ (১৬) তাদের কোয়ার্টারে ডেকে নেয় শিখা ও ইয়ামিনকে। পরে ইয়ামিনকে কেক আনার জন্য দোকানে পাঠিয়ে দেয়। আধঘণ্টা পর ইয়ামিন ফিরে এলে আলিফ জানায়, শিখা বেরিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরও শিখাকে পাওয়া যায়নি। পরে সাড়ে ১০টার দিকে আলিফই কোয়ার্টারের পাশের একটি সেফটিক ট্যাংকে শিখা পড়ে রয়েছে বলে জানায়। কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান। হাসপাতালের আবাসিক চিকিৎসক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটিকে মৃত অবস্থায়ই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কুড়িগ্রাম সদর থানার ওসি মঈনুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই ঘটনায় জড়িত সন্দেহে আলিফকে আটক করা হয়েছে। মঙ্গলবার লাশের ময়নাতদন্ত হয়। এতে সন্দেহ হওয়ায় বুধবার আবারো ময়নাতদন্ত করা হয়েছে। শিরিন আক্তার সাংবাদিকদের বলেন, আলিফই তার মেয়েকে হত্যা করেছে। কুড়িগ্রাম বিজিবি’র কর্মকর্তা মেজর ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এর বেশি আর কিছু জানাতে অস্বীকার করে পুলিশ ও বিজিবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিরিধি/সিএস/ডিডি/২২১৭ ঘ.