২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জ্বালানির ৭-৮ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে আসছে’

দেশের মোট জ্বালানি চাহিদার সাত থেকে আট শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে আসছে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2012, 04:25 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের মোট জ্বালানি চাহিদার সাত থেকে আট শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে আসছে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। তিনি আরো বলেন, ২০২০ সালের মধ্যে এ হার ১০ থেকে ২০ শতাংশে উন্নীত করার কাজ চলছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সফররত বিশেষ দূত এবং ‘সাসটেইনেবল এনার্জি ফর অল’ কর্মসূচির জ্যেষ্ঠ উপদেষ্টা লুইস গোমেজ বুধবার সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করলে তিনি তাকে একথা জানান। এ সময় জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত পরিবেশ মন্ত্রীকে ‘সাসটেইনেবল এনার্জি ফর অল’ কর্মসূচিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টি জানান। পৃথিবীকে অতিমাত্রার দূষণ থেকে রক্ষা, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই এবং অর্থনৈতিক উন্নয়নে জাতিসংঘ ‘সাসটেইনেবল এনার্জি ফর অল’ কর্মসূচি গ্রহণ করে। বিশ্বে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জাতিসংঘ মহাসচিবের এ উদ্যোগে বাংলাদেশসহ ১১৮টি দেশ অন্তর্ভুক্ত হয়েছে। এ উদ্যোগে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে তার দূতের মাধ্যমে ধন্যবাদ জানান হাছান মাহমুদ। মন্ত্রী বলেন, শিল্পোন্নত দেশগুলোতে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের কারণে একদিকে শক্তির অপচয় হচ্ছে, অন্যদিকে সৌরমণ্ডল উত্তপ্ত হচ্ছে। এতে বিশ্বে জলবায়ু পরিবর্তনের হুমকি বাড়ছে। আর দারিদ্র্যসীমার নীচে বসবাসরত সাধারণ মানুষ এর শিকার হচ্ছে। হাছান মাহমুদ আরো বলেন, টেকসই জ্বালানি নিশ্চিত ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিশ্বে এখনো প্রতি পাঁচজনে একজন মানুষ বিদ্যুৎ সেবার বাইরে। ৩০০ কোটির বেশি মানুষ কাঠ, কয়লা ও জৈব-বর্জ্য থেকে উৎপাদিত জ্বালানি রান্না ও উত্তাপের কাজে ব্যবহার করে থাকে। দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে তা প্রধান অন্তরায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২২২০ঘ.