সিরাজগঞ্জ, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদরে ‘মানসিক ভারসাম্যহীন’ এক বৃদ্ধাকে ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যা করেছে জনতা।
নিহত কহিনুর বেগম (৫৫) সদরের কালিয়া হরিপুর ইউনিয়নের কাজিপাড়া গ্রামের প্রয়াত মোক্তার হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর থানার ওসি বাসুদেব সিনহা বলেন, সকালে কহিনুর বেগম স্থানীয় কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ঘোরাফেরা করছিলেন।
এলাকার লোকজন ছেলে ধরা সন্দেহে পিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার পর বেলা ২টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি।
নিহতের ছেলে লোকমান হোসেন সংবাদিকদের বলেন, তার মা মানসিক ভারসাম্যহীন। অথচ তাকে ছেলেধরা ভেবে পিটিয়ে হত্যা করা হল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৮ ঘ.
bdnews24