ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশগত ছাড়পত্র ছাড়া কক্সবাজারে সৈকতে ডেসটিনির ভবন নির্মাণে জড়িত তিন প্রকৌশলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
ওই তিন প্রকৌশলী হলেন- শাহজাহান, তৈয়বুর রহমান ও সুশান্ত কুমার। আদালতের তলবে সকালে তারা হাজির হন।
আদালতে তাদের আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন জানান, ভবনটি নির্মাণে পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদন করা হয়েছে। শিগগিরই তা পাওয়া যেতে পারে।
রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ বলেন, সমুদ্র সৈকত হচ্ছে পরিবেশগত বিপন্ন এলাকা। এখানে পরিবেশগত ছাড়পত্র ছাড়া এ ধরনের ভবন নির্মাণ অপরাধ। তাই আইন অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এরপর আদালত তিন প্রকৌশলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চট্টগ্রাম বিভাগের পরিবেশ অধিদপ্তরের পরিচালক এবং কক্সবাজারের সহকারী পরিচালককে নির্দেশ দেয়।
পাশাপাশি ১৮ জুন এই রিট আবেদনের পরবর্তী শুনানির দিন ধার্য করে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক রিট আবেদনে গত ২৫ এপ্রিল হাই কোর্ট কক্সবাজার সৈকতে ডেসটিনির ওই নির্মাণ কাজ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেয়।
মনজিল মোরসেদ বলেন, এই আদেশের ফলে ওই স্থানে নির্মাণ কাজ বন্ধ রয়েছে।
ওইদিন একইসঙ্গে পরিবেশ রক্ষায় প্রশাসনের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং নির্মাণ সামগ্রী অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চায় আদালত।
তিন সপ্তাহের মধ্যে পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মেয়রসহ আটজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২২ এপ্রিল দৈনিক প্রথম আলোতে প্রকাশিত ‘কক্সবাজারে ডেসটিনির অনুমোদনহীন ভবন নির্মাণ’ প্রতিবেদনটি যুক্ত করে রিট আবেদনটি করা হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, সমুদ্রতীর ঘেঁষে তৈরি হচ্ছে ডেসটিনি-২০০০ লিমিটেডের পাঁচতারা হোটেল। পাশে উঠেছে ডেসটিনির আরেকটি নয়তলা ভবন।
প্রতিবেদনে আরো বলা হয়, “২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সৈকতের জমিতে হোটেল-মোটেল তৈরির জন্য ১০০ প্লট বরাদ্দ দিয়ে বিএনপির নেতারাই ভাগাভাগি করে নেন। এটি তখন ‘বিএনপিপল্লী’ হিসেবে পরিচিতি পায়।
বর্তমান সরকার অবৈধভাবে বরাদ্দ দেওয়া ৪৯টি প্লটের ইজারা বাতিল করে। ওই ১০০ প্লটের একটিতে এখন ডেসটিনির নির্মাণকাজ চলছে বলে প্রতিবেদনে বলা হয়।
বিডিনিউজ টেয়েণ্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮৩৫ ঘ.
bdnews24