নড়াইল, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল সদর উপজেলায় দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে স্বামী হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার সকালে উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া গ্রামের নিজ বাড়িতে কল্পনা ধরের (৫০) লাশ উদ্ধার করা হয়। তার স্বামীর কৃষক ধর।
কৃষকের ভাই রনজন ধর জানান, পারিবারিক বিরোধের কারণে তার ভাই কৃষক বেশ কয়েকদিন ধরে তাদের বাড়িতে থাকছিলেন না।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র সাহা জানান, মঙ্গলবার রাতে কল্পনা ধর এবং তার ছেলে বরুন বাড়িতে ঘুমিয়ে ছিল। গভীর রাতে ছেলে বরুনের চিৎকারে লোকজন ছুটে এসে তার মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।
এ সময় কল্পনাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের ধারণা স্বামী স্ত্রীর বিরোধের জেরে ধরেই কৃষক ধর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২৩১ ঘ.
bdnews24