ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনীতিবিদ ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা অধ্যাপক ড. মোজাফফর আহমদ আর নেই।
মঙ্গলবার রাতে ধানমণ্ডির বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।
একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক মোজাফফরের বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমিরেটাস মোজাফফর নাগরিক সংগঠন সুজন (সুশাসনের জন্য নাগরিক)-এর সভাপতি ছিলেন।
তিনি দীর্ঘদিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সর্বশেষ টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোজাফফর ২০০৮ সালে একুশে পদক পান। পরিকল্পনা কমিশনের সাবেক এই সদস্য শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিয়েছিলেন।
সুজন সম্পাদক অধ্যাপক বদিউল আলম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অধ্যাপক মোজাফফর বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।
মরদেহ রাতে বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে বলে জানান তিনি।
বদিউল আলম জানান, বুধবার দুপুরে ধানমণ্ডি ঈদগাহ মাঠে অধ্যাপক মোজাফফরের জানাজা হবে। তাকে দাফন করা হবে আজিমপুর কবরস্থানে।
সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়ার কোনো পরিকল্পনা রাত পর্যন্ত নেওয়া হয়নি বলে জানান তিনি।
তবে বদিউল আলম বলেন, “মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হতে পারে। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।”
রাতে ধানমণ্ডির শঙ্করের বাসায় অসুস্থ হয়ে পড়লে ৭৯ বছর বয়সী অধ্যাপক মোজাফফরকে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়।
সেখানে থাকা চিকিৎসক মো. ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টা ২২ মিনিটে অধ্যাপক মোজাফফরকে মৃত ঘোষণা করা হয়।
তিনি বলেন, “১০টা ৫০ মিনিটে উনাকে জরুরি বিভাগে আনা হয়। সঙ্গে সঙ্গে আমরা তাকে সিসিইউতে নিয়ে যাই।”
মৃত্যুসনদ তৈরিতে যুক্ত ডা. ইমরানের ধারণা, জরুরি বিভাগে আনার আগেই এই অধ্যাপকের মৃত্যু হয়।
মোজাফফর আহমদ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে জানান চিকিৎসক।
ডা. ইমরান বলেন, “তিনি আমাদের এখানে চেকআপের জন্য আসতেন। রক্তশূন্যতায় ভোগার জন্য তাকে সময়ে সময়ে রক্তও দিতে হতো।”
এছাড়া অধ্যাপক মোজাফফরের হাইপারটেনশন এবং ডায়াবেটিস ছিল বলে জানান ওই চিকিৎসক।
মোজাফফর আহমদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরেক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
বিএনপি চেয়ারপারসন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা হিসেবে অধ্যাপক মোজাফফরের দায়িত্ব পালনের কথা স্মরণ করেন এবং প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনাও জানান।
অধ্যাপক মোজাফফরের দীর্ঘ দিনের কর্মসঙ্গী টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার মৃত্যুর শূন্যতা পূরণ হওয়ার নয়।
“তিনি গণমানুষের প্রতি দরদ থেকে আজীবন সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এনআইএইচ/এসএম/এমআই/০১৩০ ঘ.
bdnews24