২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগর বিএনপি নেতার ওপর রাউজানে হামলা

চট্টগ্রামের রাউজানের গশ্চিতে নগর বিএনপি’র সহ-সভাপতি আবু সুফিয়ানকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

চট্টগ্রাম, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাউজানের গশ্চিতে নগর বিএনপি’র সহ-সভাপতি আবু সুফিয়ানকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উত্তর গশ্চি এলাকায় দেলা মিয়া মাতুব্বরের বাড়িতে একটি মেজবানের দাওয়াত খেয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে থাকা অপর তিনজনকেও মারধর করা হয়। আবু সুফিয়ানের অভিযোগ, স্থানীয় সাংসদের লোক পরিচয় দিয়ে রাউজানের বাগোয়ান ইউনিয়নের গশ্চি গ্রামের সতর পাড়ায় ৪০-৫০ জন যুবক তার ওপর হামলা চালায় এবং তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তার মোবাইল ফোন ও টাকা লুট করে নিয়ে যায় বলেও তিনি অভিযোগ করেন। বিএনপিনেতা আবু সুফিয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গশ্চিতে একটি মেজবানের দাওয়াত সেরে ফেরার সময় গ্রামের একটি সড়কে মোটর সাইকেল ও সিএনজি অটো রিকশাযোগে আসা ৪০-৫০জন যুবক তার প্রাইভেট কারের গতিরোধ করে। তারা নিজেদের স্থানীয় এমপি’র লোক বলে পরিচয় দেয়। তিনি বলেন, “এসময় তারা জিজ্ঞেস করে যে, সুফিয়ান কে ? পরিচয় নিশ্চিতের পর ওই যুবকরা আমাকে গাড়ি থেকে নামিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং মারধর করে। একটি সিএনজি অটো রিকশায় করে কিছুদূর নিয়ে যাওয়ার পর স্থানীয় লোকজন উদ্ধার করে মূল সড়কে নিয়ে আসে। সঙ্গী অপর তিন বিএনপিকর্মীকেও তারা মারধর করে এবং মোবাইল ফোন লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন নগর বিএনপি’র এই নেতা। হামলাকারীরা ছাত্রলীগের হতে পারে দাবি করে তিনি বলেন, “স্থানীয় সাংসদের অনুমতি ছাড়া কেন রাউজান এসেছি- এই বলে তারা শাসায়।” এ ব্যাপারে জানতে চাইলে রাউজান থানার সেকেন্ড অফিসার টোটন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গশ্চি এলাকায় একটি মেজবানের দাওয়াতে নিজেদের মধ্যে বিবাদের জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে খবর শুনে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি বলে জানান তিনি। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্থানীয় জনগণের সহায়তায় বিএনপি নেতা আবু সুফিয়ান কোনোভাবে জীবন নিয়ে ফিরতে পেরেছেন। তিনি হামলাকারী ‘সরকারদলীয় সন্ত্রাসীদের’ গ্রেপ্তার ও বিচার দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২২১২ ঘ.