২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক মালিকদের সভায় ট্রেড ইউনিয়নের পক্ষে বললেন মন্ত্রী

দেশের তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের অধিকার আদায়ের জন্য ট্রেড ইউনিয়ন গঠনের পক্ষপাতি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 05:24 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের অধিকার আদায়ের জন্য ট্রেড ইউনিয়ন গঠনের পক্ষপাতি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার তৈরি পোশাক শিল্প মালিক এবং রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র এক মতবিনিময় সভায় তিনি বলেন, “এটা শ্রমিকদের সংবিধানিক অধিকার। ট্রেড ইউনিয়ন করতেই হবে।” তবে একই সঙ্গে তিনি বলেন, শ্রমিক-মালিক উভয় পক্ষের সম্মতিতে এবং সরকারের নিরপেক্ষ তত্ত্বাবধানের মাধ্যমে এটি গঠন করতে হবে। তাবে এর আগে ট্রেড ইউনিয়ন সম্পর্কে শ্রমিকদের সচেতন করতে হবে যেন এটা বিফলে না যায়। তৈরি পোশাক শিল্পে সাম্প্রতিক কয়েকটি অসন্তোষের ঘটনার প্রেক্ষাপটে ‘পোশাক শিল্পে নাশকতামূলক চক্রান্ত প্রতিরোধ’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়। শ্রমমন্ত্রী বলেন, ট্রেড ইউনিয়ন থাকলে হা-মীম গ্রুপে ঘটে যাওয়া সহিংস ঘটনা এড়িয়ে যাওয়া যেত। “ট্রেড ইউনিয়ন থাকলে শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারত। আপনারা (শ্রমিকরা) ইচ্ছা করলেই মালিকদের মাথায় ঢিল ছুড়তে পারেন না,” বলেন তিনি। এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার কারণে এফবিসিসিআই সভাপতি এ কে আজাদের মালিকানাধীন হা-মীম গ্রুপের প্যাকেজিং কারখানা আর্টিস্টিক ডিজাইন লিমিটেডের এক শ্রমিককে পুলিশে দেওয়ার পর সহিংসতায় এক শ্রমিকের মৃত্যু হয়। ট্রেড ইউনিয়ন গঠনের বিষয়টি এগিয়ে নিতে শ্রমিকদের আন্তর্জাতিক সংস্থা আই এল ও থেকে প্রতিনিধি দল পাঠানো হবে বলে জানান তিনি। “তারা এর ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করবে যাতে আমরা ট্রেড ইউনিয়ন বিষয়টি আরো ভালো ভাবে বুঝতে পারি।” তবে তৈরি পোশাক শিল্পে অস্থিরতা যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে করা হয়ে থাকতে পারে বলে মনে করেন মোশাররফ। অনুষ্ঠানে নৌমন্ত্রী শাজাহান খানও একই ইঙ্গিত দেন। তিনি বলেন, “রাজনৈতিক চাপ সৃষ্টির জন্য এ ধরনের ঘটনা ঘটানো হতে পারে। এক্ষেত্রে রাজনৈতিক দ্বন্দ্ব স্পষ্ট, দেশে এখনো মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের শক্তির লড়াই শেষ হয়নি।” এফবিসিসিআই সভাপতি আজাদ বলেন, ট্রেড ইউনিয়ন শ্রমিকদের স্বীকৃত অধিকার, তবে এর আগে শ্রমিকদের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরি হওয়া প্রয়োজন। বিজিএমইএ সভাপতি মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের শ্রম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ই¯্রাফিল আলম, শিল্প পুলিশের মহাপরিচালক আবদুস সালাম, শ্রমিক নেতা মন্টু ঘোষ, শাহ মুহাম্মদ আবু জাফর, লীনা ফেরদৌস, বাবুল আক্তার, আবুল হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/২৩২৪ ঘ.