নেত্রকোনা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুরি করা গরুর মাংস বিক্রির সময় এলাকাবাসীর জেরায় পড়ে মাংস ও গরু রেখে পালিয়েছে চোরের দল।
নেত্রকোনা সদরের কে গাতী ইউনিয়নের বন্দপাটলী গ্রামে মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এলাকাবাসী জানায়, সোমবার রাতে উপজেলার বোবাহালা গ্রামের কৃষক সবুজ মিয়ার দুটি ষাঁড় চুরি হয়। চোরের দল একটি গরু জবাই করে পাশের বন্দপাটলী গ্রামে বিক্রি শুরু করে।
কিছু মাংস বিক্রির পর লোকজনের সন্দেহ হলে গরু কোথা থেকে আনা হয়েছে জানতে চায়। জেরার মুখে এক পর্যায়ে তারা মাংস এবং অপর ষাঁড়টি রেখে পালিয়ে যায়।
পরে খবর দিলে পুলিশ এসে নিলামে মাংস বিক্রি করে টাকা ও ষাঁড়টি মালিককে বুঝিয়ে দেয়।
স্থানীয় কে গাতী ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন খান বলেন, এলাকার হামিদ, সাফায়েত, কামাল ও আবদুল গণিসহ স্থানীয় একটি চোর চক্র এভাবেই গরু চুরির পর মাংস বিক্রি করে।
নেত্রকোনা মডেল থানার ওসি আজিজুর রহমান বলেন, আটক মাংস বিক্রি করে ২৫ হাজার টাকা গরুর মালিককে দেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। চোরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৪৫ ঘ.
bdnews24