২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফলে রাসায়নিক: আগোরা ও প্রিন্সবাজারের জরিমানা

রাসায়নিক মিশ্রিত ফল রাখার দায়ে মোহাম্মদপুরে প্রিন্সবাজার ও ধানমণ্ডির আগোরা সুপারশপকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2012, 12:30 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাসায়নিক মিশ্রিত ফল রাখার দায়ে মোহাম্মদপুরে প্রিন্সবাজার ও ধানমণ্ডির আগোরা সুপারশপকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অর্থ জরিমানা করে। ওই দুই এলাকার পাশাপাশি শেওড়াপাড়ায় অভিযান চালিয়ে দুটি আদালত ১০ মণ আম এবং চার কেজি আঙ্গুর ধ্বংস করে। বিএসটিআইয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুর ও ধানমণ্ডি এলাকায় দুটি সুপার শপে সংরক্ষিত আম, আঙ্গুর, আপেল ও পেঁপেতে রাসায়নিকদ্রব্যের উপস্থিতি শনাক্তকরণের পরীক্ষা করে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে মোহাম্মদপুরের প্রিন্সবাজারে আমে ক্যালসিয়াম কার্বাইডের উপস্থিতি এবং আঙ্গুরে ফরমালিনের উপস্থিতি নিশ্চিত হলে ব্যবস্থাপক আব্দুল আল মামুনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় সেখানে সংরক্ষিত ৮০ কেজি আম ও চার কেজি আঙ্গুর নির্বাহী হাকিমের উপস্থিতে জনসম্মুখে ধ্বংস করা হয়। পরে ধানমণ্ডিতে সীমান্ত স্কয়ারে রহিম আফরোজ সুপার স্টোর লিমিটেডে (আগোরা) সংরক্ষিত আমে ক্যালসিয়াম কার্বাইডের উপস্থিতি নিশ্চিত হলে ব্যবস্থাপক আশিফ মাহমুদকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ধ্বংস করা হয় সংরক্ষিত ১৬০ কেজি আম। এ ছাড়া মিরপুর-১০ ও শেওড়াপাড়া এলাকায় আমের আড়তে অভিযান চালিয়ে শেওড়াপাড়া বাজারের মেসার্স বিল্লাল শস্য ভাণ্ডারে আমে ক্যালসিয়াম কার্বাইডের উপস্থিতি নিশ্চিত হয়। পরে প্রতিষ্ঠানের মালিক মো. বেলাল হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানার পাশাপাশি ১০০ কেজি আম জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী হাকিমের নেতৃত্বে বিএসটিআইয়ের পরিদর্শক, এবং মহানগর পুলিশের সম্বন্বয়ে পরিচালনা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৮২৩ ঘ.