কিশোরগঞ্জ, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত দিন বিআরটিসি বাস বন্ধ রেখে সমস্যা সমাধানের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করেছে কিশোরগঞ্জের সড়ক পরিবহন মালিক সমিতি।
ঢাকা-তাড়াইল রুটে বিআরটিসি বাস বন্ধের দাবিতে মঙ্গলবার বেলা ১টায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের বড়পুল এলাকায় অবরোধ করা হয়। বিকাল ৫টায় তা প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।
পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়ক পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে সাত দিনের মধ্যে সমস্যার সুরাহা করার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। তাই বিকাল অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
তিনি বলেন, এই সাত দিন কিশোরগঞ্জে বিআরটিসির বাস চলাচল বন্ধ থাকবে বলে প্রশাসন নিশ্চিত করেছে।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তন্ময় দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী সাত দিনের মধ্যে সড়ক পরিবহন মালিক সমিতি ও বিআরটিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিষয়টি সুরাহা করা হবে। এই সাত দিন কিশোরগঞ্জে বিআরটিসির বাস চলাচল বন্ধ থাকবে।
পরিবহন নেতা আলমগীর মুরাদ রেজার অভিযোগ, নিয়ম মোতাবেক বিআরটিসির বাস এক ডিপো থেকে অন্য ডিপোতে চলাচল করার কথা। কিশোরগঞ্জে কোনো ডিপো না থাকলেও বিআরটিসির বাস চলছে।
এ ব্যাপারে বিআরটিসির মহা-ব্যবস্থাপক মো. খান কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৬১ সালের অধ্যাদেশ অনুযায়ী বিআরটিসি প্রয়োজন মনে করলে বাংলাদেশের যে কোনো রুটে যান চালু করতে পারে। এ জন্য কোনো রুট পারমিটের প্রয়োজন হয় না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এসইউ/১৯৩৮ ঘ.
bdnews24