বরিশাল, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে প্রচারণা চালানোর সময় হিজবুত তাওহিদের সদস্য স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এসময় তাদের কাছ থেকে চারটি জিহাদী বই উদ্ধার করা হয়।
উপজেলার কাজীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোশারেফ হোসেন জানান, সোমবার দুপুর ১২টায় উপজেলার আন্দারমানিক গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হচ্ছেন- উপজেলার দড়িরচর খাজুরিয়া গ্রামের জয়নাল আবেদীন (৩২) ও তার স্ত্রী হালিমা আক্তার লাকী (২৫)।
এসআই মোশারেফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দম্পতি আন্দারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রচারণা চালাতে গিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে উচ্চস্বরে কথা বলেন। তখন বিদ্যালয়ের শিক্ষকরা তাদেরকে আটক করেন।
তাদের কাছ থেকে ‘দাজ্জাল’, ‘ইসলামের সালা’, ‘ইসলামের প্রকৃত রূপ’ ও ‘আল্লাহর মোজেজা হিজবুত তাওহিদের বিজয় ঘোষণা’ নামে চারটি বই উদ্ধার করা হয়।
এসআই মোশারেফ জানান, উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এইচএ/১৮০৩ ঘ.
bdnews24