২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমন্ডি ধানার ওসির অপসারণ দাবিতে ক্র্যাবের বিক্ষোভ বুধবার

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ধানমন্ডি থানার ওসি মনিরুজ্জামানের অপসারণের দাবিতে আগামী বুধবার পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্র্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2012, 12:46 PM

Updated : 24 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ধানমন্ডি থানার ওসি মনিরুজ্জামানের অপসারণের দাবিতে আগামী বুধবার পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্র্যাব। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন ক্র্যাব সভাপতি আখতারুজ্জমান লাবলু। বিক্ষোভ কর্মসূচির পর পুলিশ মহাপরিদর্শক বরাবর স্মারকলিপিও দেওয়া হবে। গত ১১ই মে সড়ক দুর্ঘটনায় ইনডিপেনডেন্ট পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাস চন্দ্র সাহা নিহত হলে বিক্ষুব্ধ সাংবাদিক ও স্থানীয় জনতাকে লাঠিপেটা করে ধানমন্ডি থানা পুলিশ। একই সময় ফাঁকা গুলিও ছোড়েন ধানমন্ডি থানার ওসি মনিরুজ্জামান। ওই ঘটনার প্রতিবাদে ধারাবাহিকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে ঢাকার অপরাধ বিষয়ক সাংবাদিকরা। বুধবারের কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। ক্র্যাবের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান খানের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন আখতারুজ্জমান লাবলু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, বিএফইউজে’র একাংশের সাবেক মহাসচিব আলতাফ মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ডিআরইউ’র সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ক্র্যাবের সহ-সভাপতি মনজুরুল বারী নয়ন, সাধারণ সম্পাদক ইসারফ হোসেন ইসা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতির সভাপতি মাহমুদুর রহমান খোকন। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দাবি না মানা হলে বুধবার থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এইচএ/১৮৪১ ঘ.