বাগেরহাট, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে।
শনিবার রাতে ধর্ষণের পর রোববার তিন যুবকের নাম উল্লেখসহ সাত যুবকের বিরুদ্ধে রামপাল থানায় মামলা করেছে ওই কিশোরী।
সোমবার বাগেরহাট সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারী পরীক্ষা হয়েছে।
রামপাল থানার ওসি এস এম আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ধর্ষিতের বাড়ি ফকিরহাট উপজেলায়। শনিবার সন্ধ্যায় ফকিরহাটের শুকদাড়া ভেড়িবাঁধের ওপর থেকে কয়েক যুবক তাকে ওহিদুল ইসলাম নামে এক টেম্পুচালকের টেম্পুতে করে গৌরম্ভা বাজারে নিয়ে যায় এবং একটি মাঠে সারারাত তাকে ধর্ষণ করে।
ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে টেম্পুর মধ্যে ফেলে চলে যায় দুর্বৃত্তরা। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গৌরম্ভা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক জিয়াউল হাসান টেম্পুটি আটক করে এবং কিশোরীকে রামপাল থানায় নিয়ে আসেন।
মামলায় আসামির তালিকায় টেম্পুচালক ওহিদুল (২৫), আল আমিন (২৮) ও বিল্লালের (২৬) নাম উল্লেখ করা হয়েছে। আসামি সবার বাড়ি গৌরম্ভা গ্রামে।
আসামিদের কাউকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৬ ঘ.
bdnews24