জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দোষী শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে শিক্ষকরা।
২৪ মের মধ্যে দাবি পূরণ না হলে ক্লাস পরীক্ষা বর্জন করে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে তারা।
রোববার বেলা সোয়া ১২টার দিকে জবি শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
গত ১ মে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক মিন্টু আলী বিশ্বাসসহ তিন শিক্ষককে তুচ্ছ ঘটনার জের দরে লাঞ্ছিত করে শিক্ষার্থীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।
তবে শিক্ষকদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব শিক্ষার্থীদের বহিষ্কারের কথা বললেও প্রকৃতপক্ষে তাদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা নেওয়া হয়নি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সেলিম, সহসভাপতি অধ্যাপক ড. এসএম আনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন, নীল দলের আহ্বায়ক ড. আলী নূর এবং সাদা দলের সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ রহিছউদ্দিন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৩৫ ঘ.
bdnews24