গাজীপুর, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কভার্ডভ্যান চাপায় এক রিকশা চালক নিহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ওই দুর্ঘটনায় নিহত রিকশা চালকের পরিচয় জানা যায়নি।
গোড়াই হাইওয়ে থানার পরিদর্শক ছানোয়ার হোসেন জানান, রোববার দুপুর দেড়টার দিকে গাজীপুরগামী নিরব কার্গোসার্ভিসের একটি কভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ডের আরবি ট্রাভেলস, আকাশ বাস কাউন্টারসহ কয়েকটি দোকানের ওপর উঠে যায়।
এতে ঘটনাস্থলেই বাসকাউন্টারের সামনে থাকা ওই রিকশা চালক নিহত হয়। একই সময় ওইসব দোকান ও বাস কাউন্টারে বাহিরে থাকা ছয় জন আহত হন।
আহতদের সফিপুর জেনারেল হাসপাতাল ও চন্দ্রা জনসেবা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং ঘাতক কভার্ডভ্যানটি আটক করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা ছানোয়ার হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৫৪৯ ঘ.
bdnews24