২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এভারেস্ট চূড়ায় বাংলাদেশি নারী নিশাত

বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৯টায় এভারেস্ট চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান নিশাত মজুমদার। তার সঙ্গে ছিলেন এভারেস্টজয়ী এম এ মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2012, 05:24 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছেন নিশাত মজুমদার। বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৯টায় এভারেস্ট চূড়ায় তিনি বাংলাদেশের পতাকা ওড়ান। নিশাতের সঙ্গে ছিলেন আরেক এভারেস্টজয়ী এম এ মুহিত, যিনি এর আগেও একবার এভারেস্ট জয় করেছিলেন। তারা দুই জনই বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের সদস্য। বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের (বিএমটিসি) প্রতিষ্ঠাতা ইনাম আল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শেরপার কাছ থেকে জানতে পেরেছি, সকাল সাড়ে ৯টায় নিশাত মজুমদার এম এ মুহিতের সঙ্গে এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন।” ৩০ বছর বয়সি নিশাত বরাবরই কাজের মাধ্যমেই নিজেকে প্রমাণ করতে বিশ্বাসী, বলেছেন বাংলা মাউন্টেনিয়ার্স ক্লাবের সদস্য নূর মোহাম্মদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, “তাকে (নিশাত) আমি চিনি ২০০৩ সাল থেকে। বরাবরই সে কথা কম বলে, কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চায়।” নূর মোহাম্মদ জানান, নিশাত মজুমদারের এভারেস্ট জয় করার খবরটি প্রথম তার কাছেই আসে। খবরটি জানার পর কেমন অনুভূতি হয়েছিল- জানতে চাইলে তিনি বলেন, “এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সকাল থেকে এক্সাইটেড ছিলাম, এখন প্রত্যাশা করছি, সে যেন নিরাপদে ফিরে আসে।” নিশাতরা এখন যেখানে রয়েছেন, সেখানে এখন তাপমাত্রা হিমাঙ্কের ৫ ডিগ্রি নিচে বলে জানান মাউন্টেনিয়ার্স ক্লাবের এই সদস্য। নিশাত বর্তমানে ঢাকা ওয়াসায় হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কাজ করছেন। এদিকে ভাইয়ের দ্বিতীয় দফা এভারেস্ট জয়ের খবরে উচ্ছ্বসিত মুহিতের বোন সাংবাদিক রাবেয়া বেবী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সঙ্গে এখনো ভাইয়ার যোগাযোগ না হলেও বিএমটিসি’র পক্ষ থেকে সকালে তাদের এভারেস্ট জয়ের খবর দেওয়া হয়েছে। আমাদের পরিবারের প্রত্যেকেই খুবই খুশি, আমরা ভাইয়ার জন্য গর্বিত।” সুস্থ দেহে মুহিত দেশে ফিরে আসবেন এমনটি প্রত্যাশা করছেন ইত্তেফাকের এই স্টাফ রিপোর্টার। প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের এভারেস্ট চূড়ায় আরোহণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও। ব্যবসায়ী বাবা আবদুল মান্নান মজুমদার ও গৃহিণী মা আশুরা মজুমদারের চার সন্তানের মধ্যে নিশাত দ্বিতীয়। তার জন্ম ১৯৮১ সালে লক্ষ্মীপুর জেলায়, থাকেন ঢাকার পান্থপথে ভাড়া বাসায়। নিশাত মজুমদার ফার্মগেটের বটমূলী হোম উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক, শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ঢাকা সিটি কলেজ থেকে হিসাব বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। এভারেস্ট চূড়ায় প্রথম বাংলাদেশি নারী নিশাত ২০০৩ সালে এভারেস্ট বিজয়ের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া (৩,১৭২ ফুট) কেওক্রাডং জয় করেন। ২০০৬ সালের মার্চে বিশ্ব নারী দিবস উপলক্ষে বিএমটিসি আয়োজিত বাংলাদেশের নারী অভিযাত্রী দলের সঙ্গে ফের কেওক্রাডং চূড়ায় ওঠেন তিনি। একই বছরের সেপ্টেম্বরে বিএমটিসি আয়োজিত নারী অভিযাত্রী দলের সঙ্গে তিনি এভারেস্ট বেস ক্যাম্প (১৭ হাজার ৫০০ ফুট উচ্চতা) ট্র্যাকিংয়ে অংশ নেন। এরপর ২০০৭ সালের মে মাসে বিএমটিসির অর্থায়নে দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ নিয়ে ২০০৭ সালের সেপ্টেম্বরে হিমালয়ের মেরা পর্বতশৃঙ্গ (২১ হাজার ৮৩০ ফুট) জয় করেন নিশাত মজুমদার। এভারেস্ট অভিযানের প্রস্তুতি হিসেবে পরের বছরের মে মাসে হিমালয়ের সিঙ্গুচুলি পর্বতশৃঙ্গে (২১ হাজার ৩২৮ ফুট) ওঠেন নিশাত। একই বছরের সেপ্টেম্বরে তিনি ভারতের উত্তর কাশীর গঙ্গোত্রী হিমালয়ের গঙ্গোত্রী-১ পর্বতশৃঙ্গে (২১ হাজার ফুট) বাংলাদেশ-ভারত যৌথ অভিযানে অংশ নেন। নিশাত ২০০৯ সালের এপ্রিলে পৃথিবীর ৫ম উচ্চতম শৃঙ্গ মাকালুতে (২৭ হাজার ৮৬৫ ফুট) ভারত-বাংলাদেশ যৌথ অভিযানে অংশ নেন। গতবছরের অক্টোবরে বিএমটিসি আয়োজিত হিমালয়ের চেকিগো নামের একটি শৃঙ্গেও সফল অভিযানে যান নিশাত। প্রথম বাংলাদেশি হিসেবে ২০১০ সালের ২৩ মে প্রথম এভারেস্ট চূড়ায় উঠেছিলেন মুসা ইব্রাহিম। এরপর ২০১১ সালের ২১ মে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুহিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচপি/এসডাব্লিও/কিউএইচ/আরআরডি/এএল/১৩২০ ঘ.