২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে থানায় বিএনপি নেতাকে ‘নির্যাতন’

কিশোরগঞ্জ মডেল থানা হাজতে জেলা বিএনপির এক নেতার ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2012, 04:32 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

কিশোরগঞ্জ, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ মডেল থানা হাজতে জেলা বিএনপির এক নেতার ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে শহরের শিক্ষক পল্লীতে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলের বাড়িতে এক সংবাদ সম্মেলনে তার পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন। পুলিশের নির্যাতনে সোহেল ডান পায়ে গুরুতর আঘাত পেয়ে স্বাভাবিক চলাফেরা করতে পারছেন না বলে অভিযোগ করা হয়। লিখিত বক্তব্যে সোহেলের বাবা খুরশিদুল আলম খান বলেন, গত ২৮ এপ্রিল সোহেলকে আটক করে হরতালে গাড়ি পোড়ানোর দু’টি ‘মিথ্যা মামলায়’ গ্রেপ্তার দেখায় পুলিশ। গ্রেপ্তারের পর মডেল থানা হাজতে তার উপর নির্যাতন চালায়। এতে তার উভয় পাসহ শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়। পরে আদালতের নির্দেশে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ডান পায়ে প্লাস্টার করা হয়। তিনি এ নির্যাতনের নিন্দা জানিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে সোহেলের মা মনোয়ারা বেগম, স্ত্রী শরীফুন্নেছা বেবী, দু’সন্তান, দুই ভাই ও অন্যান্য আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন থানা হাজতে সোহেলের উপর নির্যাতন চালানোর কথা অস্বীকার করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি পরে কোথাও আঘাত পেয়ে থাকতে পারেন।” তবে জেলা কারাগারের উপ-কারারক্ষক ইউনুস জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খালেদ সাইফুল্লাহ সোহেলকে কারাগারে নেওয়ার সময় তার পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। কারাগারে আনার পর তার উপর কোনো ধরনের নির্যাতন বা দুর্ঘটনার ঘটনা ঘটেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২২২৬ ঘ.