২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলায় পাবনার বিডিনিউজ প্রতিনিধি আহত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাবনা প্রতিনিধি এবং স্থানীয় বার্তা সংস্থা ‘পিপ’র প্রধান সম্পাদক এবিএম ফজলুর রহমান দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2012, 04:09 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

সিরাজগঞ্জ, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাবনা প্রতিনিধি এবং স্থানীয় বার্তা সংস্থা ‘পিপ’র প্রধান সম্পাদক এবিএম ফজলুর রহমান দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন। পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে শনিবার দুপুরে এ হামলা হয়। তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সাংবাদিকরা এ হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন। দুপুরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু তাকে দেখতে হাসপাতালে যান। পরে তিনি সাংবাদিকদের এক প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলে জানান। এ সময় তার সঙ্গে ছিলেন পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক খোন্দকার প্রিন্স, জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, পাবনা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর প্রমুখ। পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ উল হক রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পেশাগত কারণে ফজলুর রহমান বেলা সাড়ে ১২টার দিকে সরকারি এডওয়ার্ড কলেজে যান। ওই সময় একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুপুর আড়াইটার দিকে তার ডান হাতে অস্ত্রোপচার করা হয়। কলেজের কয়েকজন শিক্ষক ও ফজলুর রহমানের সহকর্মীদের বরাত দিয়ে স্থানীয় সাংবাদিক আরিফ আহমেদ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৯ মে এডওয়ার্ড কলেজের ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীদের নবীনবরণ হয় কলেজ চত্বরে। সাংস্কৃতিক অনুষ্ঠান চলার এক পর্যায়ে এক নৃত্য শিল্পীর সঙ্গে কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সিরাজুল ইসলাম মুরাদ ‘অশ্লীল’ নৃত্য শুরু করলে অধিকাংশ শিক্ষক ও শিক্ষার্থী লজ্জায়, ক্ষোভে অনুষ্ঠানস্থল ছেড়ে যান। পরদিন (১০ মে) ছবিসহ ওই সংবাদ পাবনার বার্তা সংস্থা ‘পিপ’র বরাত দিয়ে স্থানীয় কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়। এর জের ধরে এ হামলা চালানো হয়েছে বলে তারা জানান, বলেন আরিফ। হাসপাতারে চিকিৎসাধীন ফজলুর রহমানও বলেন, ওই ঘটনার জের ধরে তার ওপর হামলা চালানো হয়েছে। এদিকে এ হামলার প্রতিবাদে পাবনার গণমাধ্যমকর্মীরা সরকারি শহীদ বুলবুল কলেজের পুরাতন ছাত্রাবাসের সামনে শহরের আব্দুল হামিদ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তাদের একটি বিক্ষোভ মিছিল আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রেসক্লাব সভাপতি শিবজিত নাগের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সম্পাদক আহমেদ উল হক রানা, সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, সহ-সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, দপ্তর সম্পাদক জিকে সাদী, সাবেক সম্পাদক উৎপল মির্জা, সৈয়দ মুরশাদ সুবহানী বাবু, কৃঞ্চ ভৌমিক, মির্জা আজাদ, সাংস্কৃতিক সম্পাদক ছিফাত রহমান সনম প্রমুখ। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করার দাবি জানান। বেলা আড়াইটার দিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু প্রতিবাদ সমাবেশে উপস্থিত হয়ে সাংবাদিকদের বলেন, দ্রুততর সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। পরে তার অনুরোধে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। সদর থানার ওসি আফজাল হোসেন রাত সাড়ে ৯টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখনো কেউ থানায় অভিযোগ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৬ ঘ.