২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী শিশু পরিবারে যৌন নিপীড়নের তদন্ত শুরু

সরকারি শিশু পরিবারের শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে সদ্য বরখাস্ত নোয়াখালী সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) আবু আহমেদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2012, 11:22 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

নোয়াখালী, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি শিশু পরিবারের শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে সদ্য বরখাস্ত নোয়াখালী সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) আবু আহমেদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সমাজসেবা অধিদপ্তদের পরিচালক (প্রশাসন) জুলফিকার হায়দারকে প্রধান করে গঠিত চার সদস্যের একটি তদন্ত কমটি শনিবার কাজ শুরু করেছে। শিশুদেরকে যৌন নিপীড়ন, দাপ্তরিক কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় গত বৃহস্পতিবার সমাজকল্যাণ মন্ত্রণালয় আবু আহমেদকে সাময়িক বরখাস্ত করে। আবু আহমেদের বিরুদ্ধে শিশু পরিবারের কয়েকটি নারীশিশু যৌন নিপীড়নের অভিযোগ এনেছে। শিশু পরিবার সকালে ও বিকালে পরিদর্শনের নিয়ম থাকলেও আবু আহমেদ এ নিয়ম ভঙ্গ করে সন্ধ্যার পর শিশু পরিবারে গিয়ে বেশ রাত পর্যন্ত অবস্থান করতেন বলে অভিযোগ রয়েছে। ইউনিয়ন পর্যায়ে কর্মরত কয়েকজন নারীকর্মীও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, আবু আহমেদ বিভিন্ন সময় তাদের অশোভন প্রস্তাব দিয়েছেন। “তার কথা মতো না চললে বদলিসহ নানা হয়রানি করা হত,” বলেন একজন। ২০০৯ সালের ১০ ডিসেম্বর কক্সবাজার থেকে বদলি হয়ে নোয়াখালীতে যোগ দেন আবু আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭১৭ ঘ.