২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরি সঙ্কটে যানজট দৌলতদিয়ায়

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রয়োজনের চেয়ে কম ফেরি চলাচল করায় ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2012, 09:22 AM

Updated : 24 Aug 2022, 11:23 AM

রাজবাড়ী, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রয়োজনের চেয়ে কম ফেরি চলাচল করায় ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তিন দিন ধরে দৌলতদিয়া ঘাটে এ অবস্থা বিরাজ করায় এ পথে যাতায়াতকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার দৌলতদিয়া কার্যালয়ের উপসহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, এই রুটে ১২টি ফেরি চলাচলের কথা থাকলেও বর্তমানে সাতটি ফেরি পারপার করছে। ফলে ঘাট এলাকায় গাড়ি কমছে না। যে সাতটি ফেরি চলাচল করছে, তার মধ্যে ছয়টি বড়, সেগুলো হল- শাহ জালাল, আমানত শাহ, শাহ আলী, কেরামত আলী, ভাষা শহীদ বরকত ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। চলাচলরত ছোট ফেরিটির নাম কুমারী। নাসির জানান, প্রপেলরে (পাখায়) সমস্যার কারণে খান জাহান আলী ফেরিটিকে কয়েক দিন আগে পাটুরিয়ার ভাসমান কারখানায় পাঠানো হয়েছে। এছাড়া, মেরামতের জন্য ১৭ মে শাহ পরান, ২৭ এপ্রিল বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ৯ এপ্রিল বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, ২০১০ সালের ২৪ এপ্রিল এনায়েতপুরী ফেরি নারায়ণগঞ্জ ডক ইয়ার্ডে পাঠানো হয়। এ পথের অধিকাংশ ফেরির তলদেশ বালুর ঘষায় ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয়ভাবে মেরামত করা সম্ভব হচ্ছে না। ফেরিগুলো নারায়ণগঞ্জে পাঠাতে হচ্ছে। বিভিন্ন কারণে বিকল ফেরিগুলো মেরামত করতে দীর্ঘ সময় লাগছে বলে জানান তিনি। শনিবার সকালেও ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের সাইনবোর্ড পর্যন্ত দুই সারিতে ৫ শতাধিক বিভিন্ন প্রকার যানবাহনের লাইন দেখা যায়। একটি বাইপাস সড়ক থাকলে ফেরি থেকে নামা গাড়িগুলো সহজে বের হলেও যানজট কিছুটা কমবে বলে মনে করেন ঘাট কর্মকর্তারা। এ পথে চলাচলকারী যানবাহনের বেশ কজন চালক জরুরিভিত্তিতে ফেরির সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫১৬ ঘ.